এনএনবি : প্রথম দফা নিলামে কাক্সিক্ষত দাম না ওঠায় শুল্কমুক্ত সুবিধায় সাবেক সংসদ সদস্যদের আমদানি করা ৩১টি গাড়ি চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে পড়ে আছে। প্রথম দফায় ২৪টি নিলামে তোলা হয়। কাক্সিক্ষত দাম না ওঠায় একটিও বিক্রি করতে পারেনি কাস্টমস। ২৪টির মধ্যে নিলামে ১০টির ক্রেতাই ছিল না। বাকিগুলোর দাম উঠেছিল এক থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত। শুধুমাত্র একটির দাম উঠেছিল তিন কোটি ১০ লাখ টাকা। অথচ একেকটি গাড়ির বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। তবে নিলামে মূল্য ধরা হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ তিন হাজার ৮৯৯ টাকা।
দ্বিতীয় নিলামে গাড়িগুলো তুললে প্রথম নিলামের চেয়ে একটু বেশি দর উঠলে কাস্টমসের নিয়ম অনুযায়ী ক্রেতার কাছে হস্তান্তর করতে বাধ্য। সেক্ষেত্রেও কাক্সিক্ষত দাম না পাওয়ার শঙ্কা আছে। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুস্পষ্ট নির্দেশনা ছাড়া দ্বিতীয় নিলামে তোলার ঝুঁকি নিতে চাইছে না চট্টগ্রাম কাস্টমস। ফলে এসব গাড়ির বিষয়টি এক বছরেও সুরাহা হয়নি।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন তৎকালীন সংসদ সদস্যরা। সরকারের পটপরিবর্তনের পর গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে দেয় এনবিআর। তাতে গাড়িগুলো রেখে যান সাবেক সংসদ সদস্যরা। মোট ৩১টি গাড়ির মধ্যে ২৪টি গাড়ি গত ফেব্রুয়ারিতে প্রথম দফায় নিলামে বিক্রির জন্য তুলেছিল চট্টগ্রাম কাস্টমস। তবে গাড়িভেদে সর্বোচ্চ এক লাখ থেকে তিন কোটি ১০ লাখ টাকা পর্যন্ত দর দিয়েছেন আগ্রহী ক্রেতারা, যা গাড়িগুলোর বাজারদরের চেয়ে অস্বাভাবিক কম। দর কম হওয়ায় তা ছাড় দেয়নি কাস্টমস।
এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার (নিলাম) সাকিব হাসান বলেন, ‘সাবেক সংসদ সদস্যদের এসব গাড়ি প্রথম নিলামে এক লাখ টাকা থেকে তিন কোটি ১০ লাখ টাকা পর্যন্ত দর উঠেছিল। দ্বিতীয় নিলামে এর চেয়ে বেশি দরদাতাকে হস্তান্তর করার নিয়ম আছে। এতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হতে হবে। তাই দ্বিতীয়বার নিলামে না তুলে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে মতামত চাওয়া হয়েছে। মতামত পেলেই দ্রুত বিষয়টি নিষ্পত্তি করা হবে।’
গাড়িগুলো সরকারি অনেক সংস্থা ব্যবহারে আগ্রহী উল্লেখ করে সাকিব হাসান বলেন, ‘সংস্থাগুলো নিলামের নির্ধারিত দামে কিনতে আগ্রহী। এই প্রক্রিয়ায় দেওয়া গেলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি থেকে রেহাই পাবে। তবে বিষয়টি নির্ভর করছে এনবিআরের সিদ্ধান্তের ওপর।’
এদিকে গত ২৫ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউজ ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ‘গাড়িগুলো আমরা নিলামে দিয়েছিলাম। তবে আশানুরূপ দাম পাইনি। এখন আমরা কিছু বিকল্প চিন্তা করছি। যেমন কোনও কোনও সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে, তারা ৬০ শতাংশ দামে গাড়িগুলো নিতে চায়। আমরা জলের দরে বিক্রি করতে চাই না। এগুলোর একেকটি গাড়ির দাম আট থেকে নয় কোটি টাকা। যদি উপযুক্ত দাম না পাই, তাহলে আরও ভালো ব্যবহার কীভাবে করা যায়, তা সরকারের উচ্চপর্যায়ে আলাপ করে সিদ্ধান্ত নেবো। এসব গাড়ি বছরের পর বছর ফেলে স্ক্র্যাপ করার পক্ষে নই আমরা। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কাস্টমস সূত্র জানিয়েছে, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ২৪টিসহ মোট ৪৪টি গাড়ি নিলামে তোলা হয়। চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে অনলাইনে দরপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয়। দরপত্র জমা কার্যক্রম চলে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহীদের দেওয়া দরপত্র খোলা হয় ১৭ ফেব্রুয়ারি। নিলামে ৪৪টি গাড়ির বিপরীতে দরপত্র জমা পড়েছিল ১৩৭টি। এ ছাড়া সাবেক এমপিদের ২৪টি গাড়ির মধ্যে দরপত্র জমা পড়েছিল ১৪টিতে। এসব গাড়ি কিনতে ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছিল। সাবেক এমপিদের গাড়িগুলোতে সর্বোচ্চ এক লাখ থেকে তিন কোটি ১০ টাকা দর দিয়েছেন আগ্রহী ক্রেতারা। ১০টি গাড়িতে কোনও দরপত্র জমা পড়েনি।
কাস্টমসের নিয়ম অনুযায়ী প্রথম নিলামে নির্ধারিত দরের ৬০ শতাংশ বা তার বেশি যিনি সর্বোচ্চ দর দেবেন, তার কাছে বিক্রি করার সুযোগ রয়েছে। এই হিসাবে ন্যূনতম পাঁচ কোটি ৮০ লাখ টাকা দর পড়লে বিক্রির সুযোগ ছিল। অথচ সাবেক এমপিদের কোনও গাড়িতেই এত দর উঠেনি।
কাস্টমস সূত্রে জানা যায়, বন্দরসহ বিভিন্ন সরকারি সংস্থা এসব গাড়ি কিনতে আগ্রহী আছে। এর মধ্যে বন্দরের পাঁচটি গাড়ি কেনার আবেদন বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয় হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনায় আছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
