এনএনবি : মুজিব বর্ষ উদযাপনে চলতি বছরে বরাদ্দ বাজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহামম্মদ ইউনূস।
পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিব বর্ষ উদযাপনে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়। পরে ২০২৪-২৫ অর্থবছরে এ সংক্রান্ত বরাদ্দ বাজেট বাতিলের সিদ্ধান্ত হয়।
এছাড়া বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ রহিতকরণের নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এ পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
পাশাপাশি প্রতিবছর ১৮ ডিসেম্বর তারিখে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ একসঙ্গে উদ্যাপনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন পায়।
বৈঠকে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি-জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে দ্য বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
