এনএনবি : র্যাবের দশম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
বুধবার সকালে তিনি বিদায়ী মহাপরিচালক এম খুরশীদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের পর সকালেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হারুন অর রশিদ। এরপর তিনি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন। এরই মধ্যে তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন।
এর আগে গত ২৯ মে খুরশীদ হোসেনকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পান ব্যারিস্টার হারুন অর রশিদ।
র্যাব ডিজির দায়িত্ব পাওয়া হারুন অর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। সর্বশেষ তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত ছিলেন। তার আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন।
হারুন অর রশিদ ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ছোটবেলা থেকে অসম্ভব মেধাবী হারুন অর রশিদের বাবা আহম্মেদ আলী ছিলেন ব্যবসায়ী। সাত ভাই-বোনের মধ্যে হারুন ষষ্ঠ।
হারুন অর রশিদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিভিন্ন পদে চাকরি করেছেন। পুলিশ সদরদপ্তরে ডিআইজি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৯ সালের ডিসেম্বরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হন। কর্মজীবনে পুলিশি সেবা আধুনিকায়ন যেমন- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি, বিডি পুলিশ হেল্প লাইন এবং সিআইএমএস-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার হারুন অর রশিদ।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি থাকাকালীন তিনি ২০১৯-২০২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পান। এছাড়া বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন।
