এনএনবি : বাগেরহাটের কচুয়া উপজেলায় ‘জমির বিরোধের জেরে’ ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের হাজরা পাড়ায় এ ঘটনা ঘটে বলে কচুয়া থানার ওসি মো. মহসিন হোসেন জানান।
নিহত মশিউর হাজরা (২৪) ওই পাড়ার মৃত মাসুদ হাজরার ছেলে।
নিহতের পরিবারের বরাতে ওসি মহসিন বলেন, নানা বাড়ির সম্পত্তির ভাগাভাগি নিয়ে মামাতো ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল মশিউরের। এর জেরে সকালে মশিউরের সঙ্গে তার দুই মামাতো ভাই সাব্বির ও বায়েজিদের কথাকাটাকাটি হয়।
“কথাকাটাকাটি এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বায়েজিদ ঘর থেকে ধারালো ছুরি বের করে মশিউরের বুকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মশিউরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, সম্পত্তির ভাগাভাগি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন; জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
