এনএনবি : চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ৪৪ ধরনের সেবা নিতে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিবছর ১ জুলাই থেকেই কোনো জরিমানা ছাড়া চলতি করবর্ষের নিয়মিত রিটার্ন জমা দেওয়া যায়। জরিমানা ছাড়া নিয়মিত রিটার্ন জমার শেষ দিন আগামী ৩০ নভেম্বর। এ সময়ের পরও আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা দিয়ে রিটার্ন জমা দেওয়া যাবে।
দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে করদাতারা চলতি ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।
করদাতাদের আয়ের যেসব প্রমাণপত্র প্রয়োজন
চাকরি থেকে আয়ের ক্ষেত্রে বেতন বিবরণী, ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক সুদ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট, বিনিয়োগ রেয়াত দাবি থাকলে তার সপক্ষে প্রমাণাদি। যেমন—জীবন বীমার পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণ।
বাড়িভাড়া থেকে আয় : বাড়িভাড়ার সমর্থনে ভাড়ার চুক্তিনামা বা ভাড়ার রসিদের কপি, মাসভিত্তিক বাড়িভাড়া প্রাপ্তির বিবরণ এবং প্রাপ্ত বাড়িভাড়া জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী, পৌর কর, সিটি করপোরেশন কর, ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রসিদের কপি।
এ ছাড়া ব্যাংকঋণের মাধ্যমে বাড়ি কেনা বা নির্মাণ করা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে ব্যাংক বিবরণী ও সার্টিফিকেট, গৃহসম্পত্তি বীমাকৃত হলে বীমা প্রিমিয়ামের রসিদের কপি, অন্যান্য ভাড়ার ক্ষেত্রে ভাড়ার প্রাপ্তি ও ব্যয়ের সমর্থনে দলিলাদি।
কৃষি থেকে আয়
বর্গা বা ভাগের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি, ব্যবসা থেকে আয়, ব্যবসা বা পেশার আয়-ব্যয়ের বিবরণী ও স্থিতিপত্র এবং ব্যাংক বিবরণীসহ অন্যান্য প্রমাণ।
মূলধন থেকে আয়
স্থাবর সম্পত্তি বিক্রি/হস্তান্তর হলে তার দলিলের কপি, উৎসে আয়কর জমা হলে তার চালানের ফটোকপি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এসংক্রান্ত প্রত্যয়নপত্র।
