এনএনবি : মানিলন্ডারিংয়ের সাথে জড়িত আসামিরা দেশের অর্থনীতির মেরুদণ্ড ধ্বংসকারী। মানিলন্ডারিংয়ের মতো আর্থিক অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রের শত্রু বলে মন্তব্য করেছেন আদালত।
সোমবার (৩০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত ফারমার্স ব্যাংকের প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিলন্ডারিং আইনের মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রায়ের আগে পর্ববেক্ষণে এ কথা বলেন আদালত।
বিচারক বলেন, মানিলন্ডারিংয়ে মতো এ ধরনের আর্থিক অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে শুধু দেশের অর্থনীতির ভিত্তিই ক্ষতিগ্রস্ত না, বরং দেশের ব্যাংকিং ব্যবস্থাপনার প্রতি বিনিয়োগকারী ও সাধারণ জনগণের অনাস্থা হয়। যার ফলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হয়, যা হতে দেওয়া যায় না। তাই মানিলন্ডারিং এর মতো অপরাধ যাতে ভবিষ্যতে সংঘঠিত না হয় সেজন্য আইনানুগ শাস্তির ব্যবস্থার পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যাংক কর্মকর্তা কর্মচারী সবাইকে সততা ও দক্ষতার সাথে আর্থিক রুলস ও বিধি-বিধান কঠোরভাবে প্রতিপালন করা আবশ্যক।
উল্লেখ্য, ফারমার্স ব্যাংকের প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিলন্ডারিং আইনের মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী ও তার ছেলে রাশেদুল হক চিশতীকে ১২ বছর, তার স্ত্রী রোজী চিশতি ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
