এনএনবি : গাজীপুরের কালীগঞ্জে যাত্রী বেশে উঠে চালককে অচেতন করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দেলোয়ার হোসেন (৬০) নামে একব্যাক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন।
রোববার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান পিপিএম।
এর আগে শনিবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার থেকে নিহতের মরদেহ উদ্ধার পরে পুলিশ।
নিহত দেলোয়ার হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার মৃত ইউসুফ আলী ছেলে। তিনি একজন পেশাদার ছিনতাইকারী ও চোর বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে।
নেশা দ্রব্য খাইয়ে অচেতন করা অটোরিকশাচালকের নাম নয়ন (৫০)। তিনি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের হাশেমের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি জানান, শনিবার বিকেলে যাত্রীবেশে ছিনতাইকারী দেলোয়ার তার এক সহযোগীকে নিয়ে পানজোরা থেকে নয়নের ব্যাটারিচালিত অটোরিকশায় চড়েন। একপর্যায়ে চালক নয়নকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ধাওয়া করে। এ সময় দেলোয়ারকে আটক করতে পারলেও তার অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে নয়নের এলাকার লোকজন ও উত্তেজিত জনতা দেলোয়ারকে গণপিটুনি দিয়ে পানজোড়া এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে গণপিটুনিতে আহত দেলোয়ার অচেতন হয়ে পড়লে তাকে সড়কের পাশে ফেলে চলে যায়।
ওসি জানান, খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ রাত ৮টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
