এনএনবি : বিএনপি যদি কোনো শর্ত ছাড়া সংলাপ করতে চায়, আওয়ামী লীগ তখন ‘ভেবে দেখবে’ বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “সংলাপের চিন্তা করব তখন, যখন তারা (বিএনপি) চারটি শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। শর্ত তারা প্রত্যাহার করলে দেখা যাবে। অন্য বিষয় (মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশ) নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ওগুলো নিয়ে আমরা সবাই একমত।”
বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর ছয় সদস্যের প্রতিনিধি দলটি গত সপ্তাহে বাংলাদেশ সফর করে। পাঁচ দিনের মিশনে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন পক্ষ এবং অংশীজনদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে ভোটের আগের পরিবেশ বোঝার চেষ্টা করে তারা।
যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ অংশীজনদের কাছে পাঁচটি সুপারিশ রেখেছে ওই পর্যবেক্ষক দল।
এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের স্পষ্ট করেই বলেন, কোনো শর্ত দিলে বিএনপির সঙ্গে তারা সংলাপে বসবেন না।
আর বিএনপি নিঃশর্ত সংলাপ করতে চাইলে আওয়ামী লীগ রাজি হবে কিনা, এ প্রশ্নে কাদের বলেন, “তখন চিন্তা করে দেখব।”
মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশের বিষয়ে এক প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, “তারা (পর্যবেক্ষক দল) তো আমাদের সাথে কথা বলে গেল। ডিটেইল আলোচনা হয়েছে, ইলেকশন রিলেটেড যে বিষয়গুলো আছে, সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। ইলেকশন ফ্রি, ফেয়ার করা, সে অবস্থানে আমরা আছি এবং আমরা সেটি বলেছি।”
তবে সংলাপ নিয়ে তখন সুনির্দিষ্ট করে আলোচনা হয়নি জানিয়ে কাদের বলেন, “এখন যদি তারা মনে করেন, এটা তাদের ব্যাপার, তারা বলতে পারেন। সংলাপ তো এক পক্ষ করবে না। মূলত সমস্যা হল, সরকারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে প্রধান বিরোধী দলের কনফ্লিক্টের কারণ সংলাপ না। বিএনপি বলছে, তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার চায়, নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। আমরা তো এই শর্তযুক্ত সংলাপে রাজি হব না।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তারা (বিএনপি) কার সাথে আলোচনা করবে? রাষ্ট্রপতি আলোচনা করতে চেয়েছেন, তারা (বিএনপি) রিজেক্ট করেছে। নির্বাচন কমিশনের সঙ্গে দুইবার আলোচনার প্রস্তাব তারা খারিজ করে দিয়েছে।”
এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান ‘বন্ধুত্বপূর্ণ’।
