এনএনবি : এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচিতেই শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কিছু শিক্ষার্থী বিক্ষোভ করলেও পরীক্ষা পেছানোর কোনো ‘সুযোগ নেই’।
আগামী ১৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পুনর্বিন্যস্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হলেও তথ্য প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে বলে জানিয়েছেন তিনি।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা ‘সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক’ পরিবেশে সম্পন্ন করতে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। কিছু শিক্ষার্থী এটি পেছানোর দাবি করেছে। তাদের দাবিগুলো যৌক্তিক নয়।
“এখনও সময় আছে। তারা এখনও পড়াশুনা করলে ভালো করবে। আমি আশা করব, তারা বিক্ষোভ না করে পরীক্ষা দেবে।”
