এনএনবি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লড়াইঘাট সীমান্তের ওপারে ভারতের ওমরপুর গ্রামের মাঠে বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে ইউনিয়নের ৫ নম্বার ওয়ার্ড় মেম্বর মো. শহিদুল ইসলাম জানান।
নিহত আরিফুল ইসলাম (২৫) শ্যামকুড় পশ্চিম পাড়ার আফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসীর বরাতে ওয়ার্ড মেম্বর বলেন, অরিফুলসহ কয়েকজন মঙ্গলবার রাতে গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ফেরার পথে নদীয়া জেলার পাখিউড়া ক্যাম্পের বিএসএফের টহল দলের সামনে পড়ে তারা। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে অরিফুল নিহত হয়।
বুধবার সকাল ১০টার দিকে তারা এ খবর জানার পর আরিফুলের লাশ ফেরত পাওয়ার জন্য বিজিবির শ্যামকুড় ক্যাম্পে যান বলে জানান শহিদুল।
নিহতের শ্যালক ডালিম হোসেন বলেন, তার বোন তাদের বাড়িতে জীবননগরে ছিলেন। খবর পেয়ে তারা শ্যামকুড়ে আসেন।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্ট্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, বুধবার ভোর রাতে জিরো লাইন থেকে পাঁচশ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। লাশ এখনও পাখিউড়া ক্যাম্পে রয়েছে। তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন।
