এনএনবি : গত দুই বছরে ৪ লাখ ৬৬ হাজার ৬৬৬ জন বাংলাদেশি অভিবাসী স্থায়ীভাবে দেশে ফিরেছেন বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
‘জনশুমারি ও গৃহগণনা ২০২২: জাতীয় প্রতিবেদন (প্রথম খণ্ড)’ অনুযায়ী, ফেরত আসা অভিবাসীদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার বা ৩৩ দশমিক ০৩ শতাংশ চট্টগ্রাম বিভাগের এবং ১ লাখ ৩২ হাজার বা ২৮ দশমিক ৪৮ শতাংশ ঢাকা বিভাগের।
প্রতিবেদনে আরও বলা হয়, স্থায়ীভাবে দেশে ফেরা অভিবাসীদের মধ্যে খুলনা বিভাগের ৮ দশমিক ৪২ শতাংশ, রাজশাহী বিভাগের ৭ দশমিক ৮২ শতাংশ, সিলেট বিভাগের ৭ দশমিক ৩৩ শতাংশ, ময়মনসিংহ বিভাগের ৫ দশমিক ২৯ শতাংশ, রংপুর বিভাগের ৫ দশমিক ১৫ শতাংশ এবং সর্বনিম্ন বরিশাল বিভাগের ৪ দশমিক ৪৯ শতাংশ।
সম্প্রতি বিবিএসের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, জনশুমারির সময় বাংলাদেশে ২৭ হাজার ৮৪২ জন বিদেশি অবস্থান করছিলেন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ২০৮ জন এবং নারী ৬ হাজার ৬৩৪ জন।
বিভাগভিত্তিক বিদেশিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি বিদেশি বা ৪০ দশমিক ৪১ শতাংশ ঢাকায় বসবাস করেন। চট্টগ্রামে ১৬ দশমিক ১৪ শতাংশ, রাজশাহীতে ১৫ দশমিক ৭৫ শতাংশ, বরিশালে ১২ দশমিক ০৬ শতাংশ এবং ময়মনসিংহে ১ শতাংশ বসবাস করেন।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন, দীর্ঘদিন বিদেশে কাজ করা অনেক বাংলাদেশির স্থায়ীভাবে দেশে ফিরে আসা একটি ‘স্বাভাবিক প্রক্রিয়া’।
এছাড়াও চাকরি হারানোর মতো কারণে অনেকেই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন বলেও জানান তিনি।
অভিবাসী অ্যাডভোকেসি গ্রুপ রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) সম্প্রতি এক প্রতিবেদনে দেখিয়েছে, আটক ও পরবর্তীতে নির্বাসন, বিদেশে চাকরি পেতে ব্যর্থতা এবং নিয়োগকর্তার প্রতিশ্রুত চাকরি ও মজুরি প্রদানের লঙ্ঘন ২১৮ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিকের অসময়ে প্রত্যাবর্তনের মূল কারণ।
জরিপে দেখা গেছে, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া ১৬ জন এবং বৈধ ভিসা ছাড়া ১১ জনসহ ৩৪ জন প্রবাসীকে আটকের পর ফেরত পাঠানো হয়েছে।
অন্যদিকে ৩৩ জন অভিবাসী কাজ না পেয়ে ফিরে এসেছেন এবং ৪৪ জন অভিবাসী শ্রমিক নিয়োগকারীদের প্রতিশ্রুতি মতো চাকরি ও মজুরি না পেয়ে ফিরে এসেছেন।
অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে নিয়োগকর্তার অসদাচরণ, কম মজুরি এবং শারীরিক অসুস্থতা।
বিবিএসের জনশুমারির ফলাফল অনুযায়ী, ৫০ লাখ ৫৩ হাজার ৩৫৮ জন বাংলাদেশি নাগরিক আদমশুমারির আগে কমপক্ষে ছয় মাস বিদেশে অবস্থান করছিলেন অথবা কমপক্ষে ছয় মাস বিদেশে থাকার অভিপ্রায় নিয়ে গিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৪০ দশমিক ৬১ শতাংশ এবং ঢাকা বিভাগে ২৮ দশমিক ৩২ শতাংশ রেকর্ড করা হয়েছে।
সিলেটে ১১ দশমিক ৩৪ শতাংশ, খুলনায় ৬ দশমিক ০৭ শতাংশ, রাজশাহীতে ৫ দশমিক ৩৩ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ০৫ শতাংশ, বরিশালে ৩ শতাংশ ও রংপুরে ২ দশমিক ২৮ শতাংশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
