এনএনবি : সিরাজগঞ্জের বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ‘ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে’ চাচার মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম (৫৫) উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের শালদাইর গ্রামের প্রয়াত তাজেল প্রামানিকের ছেলে।
এ ঘটনায় তার স্ত্রী জোসনা বেগম (৫০) ও মেয়ে বেলি খাতুন (২৫) আহত হয়েছেন।
আহত জোসনা বেগমের অভিযোগ, “মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে গরুর গোবর শুকানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ভাতিজা, তার মামা ও তাদের সহযোগীরা প্রথমে আমাকে মারধর করে চলে যায়। বিকালে তারা দ্বিতীয় দফায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে মেয়ে বেলি খাতুন ও আমার স্বামীকে মারধর করে।
সন্ধ্যায় তৃতীয় দফায় ১০/১২ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়।
তারা ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়।”
জোসনা বেগম আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সাইফুল ইসলামের মৃত্যু হয়।
বেলকুচি থানার ওসি আসলাম হোসেন বলেন, বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন আছে।
বুধবার বিকাল ৩টা নাগাদ নিহতের লাশ ঢাকা থেকে এলাকায় এসে পৌঁছেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনও কেউ আটক হয়নি বলেও জানান ওসি আসলাম হোসেন।
