এনএনবি : ভয়াবহ আগুনে ঢাকার বঙ্গবাজার পুরোপুরি পুড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস জানিয়েছে, চার বছর আগেই ঝুঁকির কথা ব্যবসায়ীদের জানানো হয়েছিল। একাধিকবার নোটিস দিলেও তারা সতর্ক হননি।
ঢাকায় কাপড়ের অন্যতম বড় এই বাজারে মঙ্গলবার ভোরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনা বাহিনী ও বিমানবাহিনীর দুটি দল প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এরই মধ্যে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভষ্মীভূত হয়। পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় আগুনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ভোর থেকেই সেখানে অবস্থান করে বাহিনীর কর্মীদের কাজ তদারকি করছিলেন।
উপস্থিত সাংবাদিকদেরকে তিনি বলেন, “২০১৯ সালে বঙ্গমার্কেট ঝুঁকিপূর্ণ বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও তারা ব্যবসা চালিয়ে আসছিল। তারা ছাড়াও অন্য কোনো সংস্থা বিষয়টিকে গুরুত্ব দেয়নি।”
আগুন কীভাবে লাগল জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়টি এখন বলা সম্ভব নয়। এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিবেদন পাওয়ার পরে আগুন লাগার কারণ জানা যাবে।”
আগুন নির্বাপনে বিলম্বের কারণ ব্যাখ্যা করে ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, “এখানে অনেক বাতাস, যার জন্য অনেক সময় লাগছে।”
ফায়ার সার্ভিস যখন বঙ্গবাজারে প্রাণপাত করে চেষ্টা করছিল, সে সয় বঙ্গবাজারের উল্টো পাশে বাহিনীটির সদরদপ্তরে হামলা করে কিছু মানুষ। এ নিয়েও দুঃখ প্রকাশ করেন মাইন উদ্দিন।
তিনি বলেন, “আমরা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত ও মর্মাহত যে এত বড় একটা আগুন এখানে লেগে গেল।ৃ আমি মর্মাহত আরেকটি কারণে।
“ফায়ার সার্ভিস সব সময় জনগণের সেবায় জীবন দেয়। শুধু আমরা আগুন নির্বাপন করি না, জনগণের সেবায় আমরা জীবন দিই। কিন্তু আজকে আমাদের সদরদপ্তরে জনগণ ঢুকে আমার গাড়ি ভাঙচুর করেছে, আমার হেডকোয়ার্টারে নতুন যে ভবন হয়েছে, সেটি ভাঙচুর করেছে। আমি খুবই মর্মাহত, আপনাদের জন্য আমরা জীবন দিই, সেই আপনারা আমাদের ওপর হামলা করলেন।”
আগুন নিয়ন্ত্রণে আনার পর এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, “জনগণের বাধার কারণে আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটেছে। জনগণের হামলা ও আগুন নেভানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের মোট আটজন আহত হয়েছে।
“এর মধ্যে দুইজন দগ্ধ। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।”
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
