এনএনবি : কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় জামিন পেয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. মনজুর হোসেন।
সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা দায়রা ও জজ আদালতের বিচারক শেখ আব্দুল আহাদ শুনানি শেষে ইউএনওর জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালত পুলিশ পরিদর্শক তানভির আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, বাসাইলের সাবেক ইউএনও উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে জামিন আবেদন করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস আকবর আলী খান বলেন, উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাবেক ইউএনওর বিরুদ্ধে অভিযোগ গঠন পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। ৬ মার্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন মনজুর। সোমবার সেটির শুনানি হয়েছে।
মনজুর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরঝিকড়ী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত আছেন।
মামলার অভিযোগের বরাত দিয়ে আইনজীবী বলেন, মনজুর হোসেন ২০২১ সালে টাঙ্গাইলের বাসাইলে ইউএনও হিসেবে কর্মরত থাকার সময় ফেইসবুকের মাধ্যমে মির্জাপুরের এক কলেজছাত্রীর সাথে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমর সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়, এরপর বিয়ের আশ্বাসে মনজুর হোসেন বিভিন্ন সময় ওই কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। তাকে নিয়ে ভারতে বেড়াতে যান। টাঙ্গাইল শহরে বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে একত্রে কয়েক মাস বসবাস করেন।
পরবর্তীতে ওই কলেজছাত্রী বিয়ের জন্য চাপ দিলে মনজুর হোসেন যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলার অভিযোগ।
এ ঘটনায় ২০২২ সালের ২১ জুন ওই কলেজছাত্রী আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে ২০২২ সালের ২৯ ডিসেম্বর পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়।
তদন্তে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৩ ধারা (বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী স্ত্রী হিসেবে সহবাস) অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
এরপর ২৩ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলা আমলি আদালতের বিচারক অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মনিরা সুলতানা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
