এনএনবি : জুলাই আন্দোলন ঘিরে ঢাকার পৃথক তিন থানার চার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৮ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম জি.এম. ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা (মোহাম্মদপুর থানা) নাইমুর হাসান রাসেল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ১৮ জুলাই মুগদার বিশ্বরোড এলাকায় গুলিবিদ্ধ হন অ্যাডভোকেট আবদুল বাছেদ (শামীম)। এ ঘটনায় ২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
আন্দোলনের মধ্যে ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে নিহত হন আল শাহরীয়ার হোসেন রোকন। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেন তার বাবা মনির হোসেন।
রোকন হত্যা মামলায় একই দিন রবিউল খান হিলোল নামের এক ব্যক্তি আরো একটি মামলা করেন। ওই মামলায় শেখ হাসিনাসহ ৬৮ জনকে আসামি করা হয়।
এছাড়া ১৯ জুলাই রামপুরার বনশ্রী এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি করা হয়। গুলির আওয়াজ শুনে নিজের বাসার জানালার পাশে এসে দাঁড়ান হাবিব আহসান নামের এক ব্যক্তি। সে সময় তিনি গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় তার প্রতিবেশি মাসুদ রানা ৩ সেপ্টেম্বর রামপুরা থানায় ৬৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এই চার মামলাতেই আনিসুল হক, সালামান এফ রহমান, হাসানুল হক ইনসহ এদিন গ্রেপ্তার দেখানো ৮ জনের নাম আসামির তালিকায় আছে।
