এনএনবি : আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাসে দ্বিতীয় দফায় পুলিশের নেতৃত্বে পরিবর্তন ঘটল; বাহিনীর নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন চার বছর আগে অবসরে যাওয়া বাহারুল আলম।
আইজিপি ময়নুল ইসলামকে সরিয়ে বুধবার বাহারুল আলমকে পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার।
আইজিপি ছাড়াও এদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অবসরে যাওয়া আরেক কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলীকে। আগামী দুই বছর তারা নতুন এই দায়িত্ব পালন করবেন।
আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।
বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেন। দুই দফা ‘পদোন্নতিবঞ্চিত’ এই কর্মকর্তা অবসরে যান ২০২০ সালে।
সরকার পতনের দিন গত ৫ আগস্ট আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পান মো. ময়নুল ইসলাম। তার স্থলাভিষিক্ত হলেন নতুন আইজিপি বাহারুল আলম।
অপরদিকে গত ৬ আগস্ট ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মো. মাইনুল হাসান। তিনি পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ছিলেন। তার স্থলে এখন নতুন দায়িত্ব পালন পেলেন. সাজ্জাত আলী।
আওয়ামী লীগ সরকার পতনের আগে দায়িত্ব পালন করা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এখনও লাপাত্তা। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। আন্দোলনে প্রাণহানির একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধেও। আসামি হয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরও।
