এনএনবি : রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম হয়েছে ১১৫ কোটি টাকা। বন্দরটির এমন ব্যর্থতার কারণ হিসেবে আমদানি-রফতানির পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকাকে সামনে আনছেন ব্যবসায়ীরা। যদিও রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিকে দায়ী করছে কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৪ মাসে ৩৭১ কোটি ৮২ লাখ ১৬ হাজার টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৯১ হাজার টাকা। এর মধ্যে গত জুলাই মাসে ৭০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে ৬০ কোটি টাকা আদায় করেছে বন্দর কর্তৃপক্ষ।
আগস্টের লক্ষ্যমাত্রা ৯০ কোটি ৫ হাজার টাকার বিপরীতে আদায় হয়েছে ৬১ কোটি ৯৪ হাজার টাকা। সেপ্টেম্বরে ১০৬ কোটি ৮ হাজার বিপরীতে ৫৭ কোটি ৯৫ হাজার টাকা, আর গত মাসে ১০৬ কোটি ৮২ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৭৮ কোটি ৩৩ লাখ টাকা।
অন্য স্থলবন্দরের তুলনায় সোনামসজিদে সুযোগ-সুবিধা কম থাকায় বন্দরটি ব্যবহারে ব্যবসায়ীরা আগ্রহী নয় বলে জানান, আমদানি-রফতনিকারকরা। তাদের দাবি, বন্দরের কার্যক্রম চলছে জীর্ণশীর্ণ অবস্থায়। সুযোগ-সুবধিা নেই বললেই চলে। এতে ধীরগতিতে চলছে কার্যক্রম।
এদিকে সোনামসজিদ শুল্ক স্টেশনের কর্মকর্তাদের দাবি, গত ৪ মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কমেছে রাজস্ব আদায়। রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের সর্বোচ্চ সহযোগিতা করার কথাও জানান বন্দর কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন বলেন, গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে আমদানি-রফতানি ব্যহত হয়েছে। এতে কমে গেছে রাজস্ব আদায়। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৬৪ কোটি ৬১ লাখ টাকা। গত অর্থবছরে ১০৭৮ কোটি ৭১ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৯১৫ কোটি ০৪ লাখ টাকা।
