এনএনবি : চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শুক্রবার (১৯ এপ্রিল)। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় সর্বোচ্চ এ তাপমাত্রার রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৭ শতাংশ। আবহাওয়া অধিদপ্তরের দুপুর ৩টা পর্যন্ত রেকর্ডকৃত তাপমাত্রার তথ্যে এটি জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদী ও মোংলায়। এই দুই স্থানে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া টাঙ্গাইলে ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
চলমান তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার তৃতীয় দিনের মতো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়ে বলে জানিয়েছে জেলা আবহাওয়া দপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়াও অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নিকলিতে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
