এনএনবি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন।
শুক্রবার সকাল ৮টা ১৮ মিনিটে গণভবন থেকে সড়ক পথে রওনা হয়ে পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সকাল ১১টা ৭ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।
এরপর বেলা ১১টা ১২ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বেলা ২টার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে সড়কপথে খুলনা যান। এই সফরে তিনি দিঘলিয়ার নগরঘাটে তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কেনা পাটের গোডাউন পরিদর্শন করেন।
খুলনার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া ফিরে আসেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
পরে দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হবে।
এছাড়া এ সফরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র্যাম্প, বাঘিয়ার নদীর পাড়ে বোট ল্যান্ডিং র্যাম্প, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বাস্তবায়িত ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এসব কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রেওনা দেবেন তিনি।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা, চাচাত ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহউদ্দিন জুয়েলসহ পারিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, শনিবার প্রধানমন্ত্রী গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর দুদিনের সফর নির্বিঘ্ন করতে টুঙ্গিপাড়াসহ পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সফরকে ঘিরে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
