এনএনবি : ময়মনসিংহ জেলায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের মুখোমুখি ধাক্কায় এক পরিবারের তিনজনসহ ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুরে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতরা হলেন ফুলপুর উপজেলার চর আশাবট গ্রামের বাবলু আহমেদ (৫৫), তার স্ত্রী শীলা আক্তার (৪০) ও ছেলে সাদমান আহমেদ(১০), সিএনজিচালক ফুলপুর উপজেলার দিও গ্রামের আল আমিন (২৫), ধোবাউড়া উপজেলার উত্তর ডোমঘাটা গ্রামের গোলাম মোস্তফা (৫০), ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের আব্দুল বারেক মণ্ডল (৪৮) এবং অজ্ঞাত আরও একজন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ফুলপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজির চালকসহ সবার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক মো. আব্দুল খালেক বলেন, অটোরিকশাটি ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় তারাকান্দাগামী একটি মাহেন্দ্রকে যাত্রীবাহী অটোরিকশাটি পাশ কাটিয়ে ওভারটেক করতে গিয়ে হঠাৎ দ্রুতগামী বাসের মুখোমুখি পড়ে যায়। এরপর বাসটি প্রায় ৩০ গজ সামনে গিয়ে ব্রেক করে। এতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশায় থাকা সবার মৃত্যু হয়।
এদিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের এই দুর্ঘটনায় দুই পাশের অসংখ্য যান আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক করে। বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
এদিকে, নিহত সাতজনের দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এই আর্থিক সহযোগিতা ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নিহতদের দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। সেইসঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
