স্টাফ রিপোর্টার : হাটের টেন্ডার শিডিউল দাখিল করা নিয়ে পাবনার চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমানের উপর হামলা চালিয়ে মারপিট করেছে বিএনপি নেতাকর্মীরা। ঘটনার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পুলিশ উপস্থিত থাকলেও বাঁশি বাজানো ছাড়া হামলাকারীদের প্রতিহত করতে দেখা যায়নি। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল উপজেলা পরিষদের ডাকা হাট বাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষদিন। একইসাথে আজ বিকেল তিনটায় দাখিলকৃত টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আওরঙ্গজেব তার নিজ এলাকার একটি হাটের টেন্ডার শিডিউল দাখিল করতে উপজেলায় যান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাখা বাক্সে তার টেন্ডার শিডিউলটি ফেলেন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়ে তার উপর হামলা করে। সেখানে থাকা আনসার সদস্য ও পুলিশ প্রথমে তাদের নিবৃত করে নিচে নামিয়ে দেয়ার চেষ্টা করে। এর কিছু সময় পর ইউএনও অফিস থেকে নিজের ব্যক্তিগত কাজ শেষে বের হচ্ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান। তখন ‘জামায়াতের সেক্রেটারী এখানে কেন’ বলেই তার উপর হামলা করে মারপিট শুরু করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত আনসার সদস্য ও পুলিশ শুধু বাঁজিয়েছে। হামলাকারীদের প্রতিহত করতে পারেনি। হামলাকারীদের মারধরে তাড়া খেয়ে উপজেলা পরিষদ থেকে দৌঁড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিব। ভুক্তভোগী উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান জানান, ‘আমি ইউএনও সাহেবের কাছে এসেছিলাম আমার এলাকার একটি সমস্যা সংক্রান্ত কাজ নিয়ে। ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী যে টেন্ডার দাখিল করেছে তার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমি জানতামও না। ইউএনও অফিসের কাজ শেষে রুম থেকে বের হতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে।’ তিনি বলেন, ‘স্থানীয় এমপি মহোদয় ও উপজেলা জামায়াতের আমিরকে জানিয়েছি। তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’ হামলাকারীদের মধ্যে মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ^াস, স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু মিস্ত্রি, শাহীন আলম, সোহেল রানা, বিএনপি নেতা জাবের মোল্লা, জিয়া মুন্সী, রিন্টু, যুবদল নেতা শাহীন, ছাত্রদল নেতা ইমন সহ শতাধিক নেতাকর্মী জড়িত বলে জানিয়েছেন ভুক্তভোগী। অভিযুক্তদের একজন মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস বলেন, ‘আমরা কয়েকজন গিয়েছিলাম শিডিউল দাখিল করার শেষ সময় জানার জন্য। গিয়ে দেখি দলের ছেলেপেলেদের সাথে ঝামেলা। কার সাথে কি নিয়ে ঝামেলা তাও জানতাম না। পরে শুনেছি। হামলার সাথে আমি জড়িত নই। মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’ এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘ঘটনা একটা ঘটেছে। ফৌজদারী অপরাধ হয়েছে। আজকে টেন্ডার দাখিল ও খোলা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল। তারপরও কিভাবে ঘটনা ঘটলো সেটি আমি বলতে পারছি না। থানার ওসি ভালো বলতে পারবেন। তার সাথে কথা বলেন।’ পুলিশের উপস্থিতিতে কিভাবে হামলার ঘটনা ঘটলো জানতে চাইলে চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘কঠিন প্রশ্ন করেছেন তো, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, ধন্যবাদ।’ এদিকে ঘটনার পর পাবনা-৩ আসনের এমপি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলী আছগার বৃহস্পতিবার বিকেল ৪ টায় জরুরী সংবাদ সম্মেলন করেন। চাটমোহরের সাড়রা গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য বলেন, ‘আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি একজন শিক্ষক, জাতি গড়ার কারিগর। একজন শিক্ষকের সাথে এহেন আচরণ জাতি আশা করেনা।’ তিনি বলেন, ‘সরকারি দলের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। সরকারি দলের ভাইদের পক্ষ থেকে এ ধরণের ন্যাক্কারজনক আচরণ কাম্য নয়। যেহেতু ইউএনও অফিসে এ ঘটনা ঘটেছে, সিসি ক্যামেরা আছে, দেখলেই বোঝা যাবে কারা এর সাথে জড়িত। এমপি আলী আজগর বলেন, আমরা বিজয়ী হওয়ার পরও কাউকে হুমকি-ধামকি দিলাম না। প্রশাসনকে বলবো এর একটি সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে চাটমোহর উপজেলা জামায়াতের আমীর মওলানা আব্দুল হামিদ, নায়েবে আমীর তোরাব আলী বিশ^াস, সেক্রেটারী মওলানা হাবিবুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন, চাটমোহর পৌর জামায়াতের সেক্রেটারী সাদ্দাম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

