স্টাফ রিপোর্টার : শহরের মাসুম বাজার, বিআরটিসি বাসস্ট্যান্ড ও জামেয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে দিয়ে যাওয়া চেতনের মোড় পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জামেয়া আশরাফিয়া মাদরাসার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও দুই সহস্রধিক এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর সড়ক সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ ও মুহতামিম হাফেজ মাওলানা আমিনুর রহমান। মূল বক্তব্য দেন মাদরাসার যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফ আলী প্রামানিক। সঞ্চালনা করেন নায়েবে মুহতামিম মুফতি নাজমুল হুসাইন, এবং দোয়া পরিচালনা করেন সাইখুল হাদিস আলহাজ্ব হারুনুর রশীদ মাদানী। বক্তারা অভিযোগ করেন, নানা সময়ে এমপি, ডিসি ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিন মাসের মধ্যে কাজ হবে বলে আশ^াস দেওয়া হয়েছিল, কিন্তু তিন বছর পার হয়ে গেলেও কাজ শুরু করা হয়নি উল্লেখ করে তারা দু;খ প্রকাশ করেন। একইসাথে এই রাস্তার সংস্কারে উদ্যোগী হতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। আগামী এক মাসের মধ্যে সংস্কারকাজ শুরু না হলে আরও জোরদার আন্দোলন এবং প্রয়োজনে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তারা।

