ভাঙ্গুড়া প্রতিনিধি : সরকারি নির্দেশ অমান্য করে টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জেলার ভাঙ্গুড়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার্থী ও শিশু-কিশোরদের টাইফয়েড ভ্যাকসিন এর টিকা দেওয়া হবে। টিকা নিতে প্রত্যেক শিশু ও কিশোর-কিশোরীকে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপস এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। এতে গত জুলাই মাসে মিটিং করে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশ দেন। পহেলা আগস্ট থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিনামূল্যে এই নিবন্ধন করার নির্দেশ দিলেও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মিঠু শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে নিয়ে নিবন্ধন করাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শ্রেণি শিক্ষকরা এসব টাকা উত্তোলন করছেন প্রধান শিক্ষকের নির্দেশে। এদিকে অনলাইনে একজন শিশুর টিকার নিবন্ধন করে প্রিন্ট দিতে এক থেকে দুই টাকা খরচ হয়। যা বিদ্যালয়ের বহন করার কথা। কিন্তু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে নিচ্ছেন। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর নিবন্ধন করতে ১২ হাজার টাকা আদায় করছে প্রধান শিক্ষক। তাহলে বিদ্যালয়ে সরকার প্রদত্ত বছরে লাখ টাকা কোথায় যায়। এনিয়ে প্রতিবাদ করলে শিশুদের ফলাফলে প্রভাব পড়বে বলে কেউ সরাসরি প্রতিবাদ করেনা। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিঠু আহমেদ বলেন, বিদ্যালয়ে প্রিন্টার নেই। তাই টাকা নিয়ে বাইরে থেকে নিবন্ধনের কার্ড প্রিন্ট করতে হয়। এই টাকা বিদ্যালয়ের পিয়ন নিয়ে খরচ করেন। আমরা কেউ এ টাকা নেই না। বিদ্যালয়ে প্রিন্টার না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, গত জুলাই মাসে অবসরে যাওয়া প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বিদ্যালয়ের সকল অর্থ শেষ করে যাওয়ায় প্রিন্টার ক্রয়ের অর্থ নেই। এ বিষয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আজিম উদ্দিন বলেন, টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। কেউ নিলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হবে। টাকা নেওয়া অবৈধ হলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
