স্টাফ রিপোর্টার : জেলার ফরিদপুর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (২৪ মার্চ) দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নাজমুল হোসেন (২৯) ফরিদপুর উপজেলা সদরের খলিশাদহ গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে লেদুর ছেলে। মামলার এজাহার সুত্রে জানা যায়, ফরিদপুর উপজেলা সদরের বনওয়ারীনগর আলীম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রতিদিনের ন্যায় ২০২২ সালের ২ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়তে যাচ্ছিল। শিশুটি খলিশাদহ ওয়াবদা বাঁধের কাছে পৌঁছালে অজ্ঞাত এক ব্যাক্তি শিশুটিকে জোরপূর্বক ধরে পার্শ্ববর্তী শরিফুল ইসলামের পরিত্যাক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিনই অজ্ঞাত এক ব্যাক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রসুক্তির সাহায্যে নাজমুল হোসেনকে সনাক্ত করে ঘটনার চার দিন পর সিরাজগঞ্জ জেলা সদর থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. নাজমুল হাসান শাহীন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. আবুল কালাম আজাদ রেন্টু। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাড. নাজমুল হাসার শাহীন বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এই আদেশে খুশি। তবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামী পক্ষের অ্যাড. আবুল কালাম আজাদ রেন্টু। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি সেখানে আমার মক্কেল ন্যায় বিচার পাবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
