স্টাফ রিপোর্টার : নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাসহ দুজনের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে চাটমোহরের হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুইজন হলেন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়নের তেবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন ও তার সহযোগী একই গ্রামের মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন। ভুক্তভোগী ছাত্রী ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুনসহ বেশ কয়েকজন বখাটেরা বিরক্ত করতো ওই স্কুল ছাত্রীকে। এছাড়া নানারকম কুপ্রস্তাব দিতো। এতে ওই স্কুলছাত্রী সাড়া না দেওয়ায় মঙ্গলবার রাত ৮টার দিকে তিন-চারটি মোটরসাইকেলে রতন-মামুনসহ বেশ কয়েকজন ওই স্কুল ছাত্রীর বাড়িতে যায়। এ সময় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ওই স্কুল ছাত্রীকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধ্বস্তধ্বস্তির একপর্যায়ে তারা ঘরের মধ্যেই ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায় বলে অভিযোগ। এ সময় ওই স্কুল ছাত্রীর বাবা ও স্বজনরা তারাবি নামাজ পড়ার জন্য স্থানীয় মসজিদে ছিলেন। পরে ওই স্কুল ছাত্রী ও তার মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। এ বিষয়ে হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই দোষী ব্যক্তির বিচার হোক। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন বলেন, অভিযুক্ত রতন হোসেন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি আমি জেলা নেতৃবৃন্দকে জানিয়েছি। ঘটনার সাথে তার নূন্যতম সম্পৃক্ততা থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মামলার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

