ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়া উপজেলার হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও জায়গা দখলদারদের কাছ থেকে মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে বিদ্যালয়ের পাশেই অবস্থিত অষ্টমনিষা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এই প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও জায়গা দখলের অভিযোগ করেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৮ সালে গ্রামের বাসিন্দা মানিকজান খাতুনের দানসত্ত্ব দলিলে ৩৩ শতক জমিতে প্রতিষ্ঠিত হয় এই প্রাথমিক বিদ্যালয়। এর ৫-৬ বছর পরে পাশেই একটি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ স্থাপন করা হয়। এ সময় কলেজ কর্তৃপক্ষ প্রতারণা করে ওই ৩৩ জায়গা পুনরায় মানিকজানের কাছ থেকে রেজিস্ট্রি করে নেয়। বিদ্যালয়ের জমি রেজিস্ট্রি করে নেওয়ার বিষয়টি একযুগ গোপন রাখে কলেজ কর্তৃপক্ষ। পরে ২০১৯ সালে এই টেকনিক্যাল কলেজ এমপিওভুক্ত হলে প্রাথমিক বিদ্যালয়ের জায়গা ও ভবন দখল করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের জায়গা ও ভবন পুনরুদ্ধারে চেষ্টা করলেও ব্যর্থ হয়। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি বিদ্যালয়ের শিক্ষকরা। ভূমিদাতা মানিকজানের ছেলে আব্দুল করিম বলেন, তার মাতা ৩৩শতক জমি প্রথমে প্রাথমিক বিদ্যালয়কে লিখে দিয়েছিলেন। কিন্তু ঐ দাগে অবশিষ্ট ২৫ শতক জমি তার বাবার নামে ছিল। পরে বাবা উহা অষ্টমণিষা কলেজকে লিখে দেন। তখন কায়দা করে অধ্যক্ষ শাহিনুর ইসলাম বাবার সঙ্গে মায়ের কাছ থেকে ঐ ৩৩ শতক জমি পুনরায় লিখে নেন। ফলে জটিলতা সৃষ্টি হয়। এ বিষয়ে অষ্টমণিষা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন স্কুল বন্ধ রাখায় কক্ষগুলো তারা কলেজ শিক্ষার্থীদের পাঠদানের জন্য ব্যবহার করছেন। এছাড়া কলেজের নামে রেজিষ্ট্রিকৃত দলিলের মাধ্যমে তারা প্রতিষ্ঠানের নামীয় ঐ সম্পত্তি ভূমি অফিস থেকে নামজারি করে নিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ করার পক্ষে তারা নন। তাই বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

