স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামী দেশ ও মানুষের স্বার্থে সংস্কার প্রত্যাশী। তাই দ্রুত সংস্কার শেষে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের প্রত্যাশা করে দেশের জনগণ। আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার চাই, এজন্য জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল বুধবার সকালে দারুল আমান ট্রাস্ট ময়দানে পাবনা জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মানবতার কল্যাণে দেশে ইসলামি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিশৃঙ্খলা দূর হবে, সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হবে। প্রকৃত ইসলামি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ইসলামিক ভীতি দূর হবে। মানুষ শৃঙ্খল বদ্ধভাবে জীবন পরিচালনা করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। কারো মনে কোনো সংশয় বা দ্বিধা থাকবে না। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার নির্যাতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এর নেতাকর্মী। জামায়াতের শীর্ষ ১১ নেতার রক্তের বিনিময়ে আমাদের আন্দোলন আজ বেগবান। তিনি আরো বলেন আমাদেরকে পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকলকে সাথে নিয়ে একযোগে ইসলামী আন্দোলনের কাজ করতে হবে। জামায়াতের নেতাকর্মীদের সমাজের নৈতিকতা বিবর্জিত কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। নৈতিকতা বিবর্জিত কোন লোক জামায়াত কর্মী হতে পারে না, এরকম কোন লোকের প্রমাণ পেলে সে জামায়াতে ইসলামীর আন্দোলনে শরিক থাকতে পারবে না। সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আমাদের কর্ম তৎপরতা বৃদ্ধি করতে হবে, দুর্নীতিমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিজেদের আত্ম উপলব্ধির মাধ্যমে আন্তরিকতার সাথে এ আন্দোলনের কাজ এগিয়ে নিতে হবে, তবেই আমরা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সফলকাম হবে। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমীর ও বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ ইকবাল হোসাইন প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
