স্টাফ রিপোর্টার : বর্তমান শিক্ষা সংস্কার কমিশন ছেঁটে ফেলে আস্তিক ও আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ইতোমধ্যেই কিছু অসুবিধা দেখতে পাচ্ছি। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে কিন্তু এই দেশের ৯০ ভাগ মানুষ আস্তিক। তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব নেই কেন সেখানে? যারা এই দেশের সংখ্যাগরিষ্ট মানুষের চেতনাই বুঝতে পারে না তাদেরকে কেন বসতে দেয়া হয়েছে? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেয়া হোক। তাদের জায়গায় তারা ফিরে যাক। এই জাতির ঘাড়ে তাদেরকে বসতে দেয়া যাবে না। আস্তিক এবং আগস্ট বিপ্লবের চেতনা যারা ধারণ করে তাদেরকে এখানে বসাতে হবে। গতকাল শনিবার বিকালে এডওয়ার্ড কলেজ মাঠে পাবনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ১৫ বছরের আমাদের ওপর যে জুলুম করা হয়েছে আর কারো ওপর করেনি। আমাদের প্রতীক কেড়ে নেয়া হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে। আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। আমাদের শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। এই যে জুলুম করা হয়েছে আমরা বলেছি তার প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিতে গেলে আমাদের ওপর যেভাবে জুলুম করা হয়েছে সেইভাবে জুলুম করতে হবে, আইন আমাদের হাতে তুলে নিতে হবে কিন্তু আমরা আইন হাতে তুলে নেবো না, এই জন্য ক্ষমা করেছি কিন্তু গণহত্যার জন্য নয়, আয়নাঘরের গুমের জন্য বা গণধর্ষণের জন্য ক্ষমা করেনি। হাজার হাজার মানুষকে গুলি করে যে হত্যা করা হয়েছে তার বিচার অবশ্যই হতে হবে। তিনি আরও বলেন, আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞাসা করেন যে, আপনার দলের শহীদের সংখ্যা কত? কিন্তু আমরা তাদের বলেছি আমরা সংখ্যা বলবো না, কারণ শহীদরা কারো দলের হতে পারে না। তারা জাতির সম্পদ, তারা জাতির বীর। এই জন্য আমরা আমাদের দলের শহীদের সংখ্যা বলবো না, কারণ এই শহীদরা সমস্ত জাতি। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টার, শহীদ মাহবুব হাসান নিলয়ের পিতা আবুল কালাম, সমন্বয়ক রাসেল মাহমুদ, বরকতুল্লাহ ফাহাদ প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
