স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তারা প্রধান ফটকের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন । এ সময় সেখানে অবস্থান নিয়ে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে ঢাকা পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে কিছু সময়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অবস্থান গ্রহন করে পুলিশ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই। সবমিলিয়ে ৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। কোটা বাতিল নয়, কোটা সংস্কার চাই আমরা। সবমিলিয়ে ৩ থেকে সর্বোচ্চ ৫ ভাগ কোটা রাখা হোক। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, শিক্ষার্থীদের আন্দোলন চলছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নিয়ে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।
