স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পু ৪ দিনের সফরে আগামী ৯ জুন রাষ্ট্রীয় সফরে পাবনায় আসবেন। জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ৯ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহন শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকরিজীবিদের সাথে মতবিনিময় করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১২ জুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র শহরে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ চলছে। অভিনন্দন জানিয়ে জেলা শহর জুড়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছেন নেতাকর্মীরা। এর আগের কয়েকটি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশকিছু কাজের ঘোষণা দিয়েছিলেন। সেগুলো এখন বাস্তবায়নের পথে। এ সফরেও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ঘোষণার আশা করছেন পাবনাবাসী। পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা বিশ^াস সনি বলেন, পাবনার কৃতি সন্তান দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন এটা আমাদের সকলের জন্য বিশাল প্রাপ্তি ও জেলার জন্যও গৌরবের। তিনি নিজ জেলায় চতুর্থবারের সফরে পাবনার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন। আমরা তাঁর সান্নিধ্যে যাবো। ব্যবসায়ীরা আলাপ-আলোচনা করবেন। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে ব্যাপকভাবে প্রস্তুুতি গ্রহণ করা হচ্ছে। তাঁর সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। উল্লেখ্য, এর আগে তৃতীয়বারের মতো গত ১৫ জানুয়ারি চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির স্মৃতিবিজড়িত লক্ষী মিষ্টান্ন ভান্ডার ও প্যারাডাইস সুইটস পরিদর্শন করেন। পাবনা প্রেসক্লাবে ও শহরের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এছাড়া গত বছরের ১৫ মে প্রথমবারের মতো এবং ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
