এফএনএস স্পোর্টস: বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডিতে মুকুট ধরে রাখার পথে দুর্বার গতিতে ছুটছে বাংলাদেশ। এবার ইন্দোনেশিয়াকে উড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছেন আরদুজ্জামান-জিয়ারা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার ইন্দোনেশিয়াকে ৫৯-১৯ পয়েন্টে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। প্রথমার্ধে একপর্যায়ে ১৭-০ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর পয়েন্টের খাতা খোলে ইন্দোনেশিয়া; তবে স্বাগতিকদের মোটেও আটকে রাখতে পারেনি তারা। ৩৪-০২ পয়েন্টে এগিয়ে ম্যাচে চালকের আসনে বসে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ইন্দোনেশিয়া একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এই অর্ধে ১৭ পয়েন্ট পায় তারা। দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জিতেছিল ৭৩-২২ পয়েন্টে। চতুর্থ ম্যাচে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ মুখোমুখি হবে পোল্যান্ডের।
