স্টাফ রিপোর্টার : ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগে অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর সেখানে নতুন দু’জন কর্মকর্তা যোগদান করেছেন। তারা হলেন ব্যাংকটির পাবনার আব্দুল হামিদ রোড শাখার ব্যবস্থাপক আব্দুস সবুর শেখ ও আতাইকুলা শাখার ক্যাশ অফিসার সোহেল রানা। তারা গতকাল রোববার সকালে অগ্রণী ব্যাংকের কাশিনাথপুর শাখায় যোগ দেন। এদিকে, আলোচিত এই ঘটনার দু’দিন ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ব্যাংকটিতে কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। তবে গ্রাহকদের অনেকে টাকা লোপাটের ঘটনা জানতে পেরে ব্যাংকে খোঁজ খবর নিতে যান। তারা নিজেদের একাউন্ট চেক করে স্বস্তি প্রকাশ করেছেন। তবে এঘটনায় ব্যাংকের সুনাম ক্ষুন্ন হওয়ার মতো ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্মকর্তা। নতুন শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুস সবুর শেখ বলেন, ‘ঘটনার পর কর্তৃপক্ষের নির্দেশে আমি শাখা ব্যবস্থাপক ও ক্যাশ অফিসার হিসেবে সোহেল রানা যোগদান করেছি। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। লেনদেন স্বাভাবিক আছে। গ্রাহকদের কোনো টাকা মিসিং হয়নি। ভল্ট থেকে মিসিং হয়েছে। সকলকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি।’ ব্যাংকের কার্যক্রম পরিদর্শণ করতে আসা ব্যাংকের রাজশাহী সার্কেলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এজাহারুল হক বলেন, আসলে একটা ঘটনা তো ঘটেছে। যার কারণে ব্যাংকের সুনাম কিছুটা হলেও ক্ষুন্ন হওয়ার ঝুঁকিতে পড়েছি। এতে গ্রাহকদের আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক। বিভিন্ন রকম গ্রাহক ব্যাংকে এসে খোঁজখবর নিচ্ছেন, তাদের অ্যাকাউন্ট চেক করছেন।’ তিনি বলেন, ‘আসলে টাকাটা কিভাবে, কোথায় গেল তা এই মুহুর্তে বলতে পারছি না। কেন্দ্রীয় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ এটি তদন্ত করছে। তদন্তের পর পুরো বিষয়টি পরিস্কার হবে। এর বেশি কিছু আসলে খোলাসা করে আমি বলতে পারছি না। আমরা সকলকে আশ^স্ত করছি ভয় পাওয়ার কিছু নেই।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের পরিদর্শক দল কাশিনাথপুর শাখা পরিদর্শনে গিয়ে ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার তথ্য পায়। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগে শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে গ্রেফতার করে পুলিশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
