স্টাফ রিপোর্টার : অনৈতিক লেনদেনের অভিযোগে আটক পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই উপ-বিভাগীয় প্রকৌশলীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে আদালতে তারা জামিন আবেদন করলেও বিচারক না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা দুইজন হলেন মাসুদ রানা (২৯) ও মোশাররফ হোসেন (৪২)। এদের মধ্যে মাসুদ রানার বাড়ি পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের বড় দিকশাইল গ্রামে। তিনি ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী। আর অপরজন মোশারফ হোসেনের বাড়ি কুমিল্লার মেঘনা থানার শিবনগর এলাকায়। তিনি একই কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদের ফোনের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর তাদের নিজ কার্যালয় থেকে আটক করা হয়। ওই সময় ৫ লাখ ৭০ হাজার টাকা জব্দ করা হয়। পরে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সদর থানায় ফৌজদারি কার্যবিধির আইনের ৫৪ ধারায় একটি জিডি দায়ের করা হয়। জিডি নাম্বার ১৯১৮। এরপর ৫৪ ধারায় আটক দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোরশেদুল আলম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওসি রওশন আরো জানান, ঘটনাটি দুদকের সিডিউল ভিত্তিক অপরাধ হওয়ায় তারা মামলা দায়ের করবে। সে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেইসাথে ঘটনাটি আরো খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, উপ-বিভাগীয় প্রকৌশলী মাসুদ রানার গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার বড় দিকশাইল গ্রামে গিয়ে তার সর্ম্পকে নেতিবাচক কিছু পাওয়া যায়নি। সকলে তাকে সৎ ও ভালো মানুষ হিসেবে জানেন। দাপুনিয়া ইউনিয়ন পরিষদের দুই নাম্বার ওয়ার্ড সদস্য মহিদুল ইসলাম বলেন, ‘মাসুদ ছেলেটা ছোটবেলা থেকে খুবই ভাল ছেলে। গ্রামের সকলেই এটি জানে। সে এমন কাজ করতে পারেনা। হয়তো কারো অন্যায় প্রস্তাবের কাছে মাথা নত না করার করার কারনে বা জোর করে কাজ না পেয়ে তাকে পরিকল্পনা মাফিক ফাঁসানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা খুঁজে বের করতে হবে।’ মাসুদ রানার বাবা মিনহাজ উদ্দিন বলেন, ‘তাকে যে আদর্শ দিয়ে মানুষ করেছি তাতে সে ঘুষ নিতে পারে না। এটা অবশ্যই একটা সাজানো ষড়যন্ত্র। তাকে ফাঁসানো হয়েছে। কারা কি কারণে এটা করেছে সেটা খুঁজে বের করার দাবি করেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
