মহসিন মল্লিক : পেঁয়াজের ভান্ডার পাবনার বেড়া সাঁথিয়ায় গত বছর পেঁয়াজ চাষে লোকসান হওয়ায় চলতি বছর মুড়িকাটা (মুলকাটা) পেঁয়াজের ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা।অন্যদিকে রাত হলেই খেত থেকে চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ। ফলে আতঙ্কেও রয়েছেন তারা। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সাধারণ ক্রেতারা মনে করছেন ভরা মৌসুমে পেঁয়াজের এমন দাম অনেকটাই অস্বাভাবিক। আর এই অস্বাভাবিক দামের কারণে প্রতি রাতেই খেত থেকে চুরি হচ্ছে কাঁচা পেঁয়াজ । চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন অনেক পেঁয়াজ চাষিরা। কোনো কোনো পেঁয়াজ চাষি আবার চোরের ভয়ে পুষ্ট হওয়ার আগেই খেত থেকে পেঁয়াজ তুলে ফেলছেন। তাতে দেখা যাচ্ছে পেঁয়াজ চুরির বিষয়টি এখন বেড়া-সাঁথিয়ায় আলোচনার শীর্ষে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেড়া সাঁথিয়া দুই উপজেলায় এবার ৩৬ হাজার ২০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে আগাম বা মুড়িকাটা (মূলকাটা) জাতের পেঁয়াজ। বাকি সাড়ে ২০ হাজার হেক্টর জমিতে হালি জাতের পেঁয়াজ আবাদ করা হয়েছে। দেড় মাসের বেশি সময় ধরে কৃষকেরা মুড়িকাটা জাতের পেঁয়াজ খেত থেকে তুলে বাজারে বিক্রি করছেন। এখনো ৪০০ হেক্টর জমির মুড়িকাটা জাতের পেঁয়াজ তোলা বাকি রয়েছে। দেরিতে লাগানো হয়েছিল বলে এসব জমির পেঁয়াজ পুরোপুরি পুষ্ট হতে এখনো ১০-১৫ দিন সময় লাগবে। এসব জমির পেঁয়াজই চুরি হয়ে যাচ্ছে। বেড়া উপজেলার দমদমা এলাকার মমিন মোল্লা ও হাকিম প্রাঃ জানান প্রতিদিন খেত থেকে পেঁয়াজ চুরি হয়ে যাচ্ছে। পাহারার মধ্যেও প্রায় ৪-৫ মণ পেঁয়াজ চুরি হয়েছে গেল বুধবার রাতে। সাঁথিয়া উপজেলার ভাট সোনাতলা এলাকার কৃষক কালু মোল্লা জানান,এ বছর ধার দেনা করে দুই বিঘা জমিতে এবার পেঁয়াজ আবাদ করেছেন। বাড়ি থেকে পেঁয়াজের খেত একটু দূরে হওয়ায় সব সময় পাহাড়া দেওয়া সম্ভব হয় না, এই সুযোগকে কাজে লাগিয়ে খেত থেকে অর্ধেকের বেশি পেঁয়াজ চুরি হয়েছে। একই গ্রামের আরেক পেঁয়াজচাষি ময়লাল হোসেনকে দেখা যায় জমি থেকে পেঁয়াজ তুলে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এবছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। দামও খুব ভালো পাওয়া যাচ্ছে। কিন্তু ভালো দামের কারণে পেঁয়াজের খেতে চোরের উৎপাত খুব বেড়ে গিয়েছে।কয়েক দিন রাতে পাহারা দেওয়ার পরেও পুরো পুষ্ট হওয়ার আগেই জমির সব পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছে। কৃষকেরা জানান, মুড়িকাটা(মূলকাটা) পেঁয়াজ খেতের সব পেঁয়াজই বেশ বড় হয়েছে। দুই হাতে একসঙ্গে হালকা করে গাছ ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গেই ১০ থেকে ১২টা পেঁয়াজ উঠে আসে। তাই সুযোগমতো দুই-তিনজন চোর এসে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই দুই-তিন মণ পেঁয়াজ তুলে বস্তায় ভরে নিয়ে যাচ্ছে। সরেজমিনে দুই উপজেলার বেশ কিছু গ্রাম ঘুরে দেখা গেছে, চোরের ভয়ে পেঁয়াজের খেতের পাশে বসানো হয়েছে অস্থায়ী ছাউনি। রাতের বেলা কৃষকেরা কয়েকজন মিলে সেখানে বসে পেঁয়াজ খেত পাহারা দেন। এ ছাড়া যেখানে পাহারা দেওয়া সম্ভব নয়, সেখানে পুষ্ট হওয়ার আগেই কৃষকেরা জমি থেকে পেঁয়াজ তুলে নিচ্ছেন। সাঁথিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা সঞ্জয় কুমার গোস্বামী বলেন, পেঁয়াজের এই ভরা মৌসুমে কৃষকেরা এবার ভালো দাম পাচ্ছেন। আর ভালো দামের কারণেই কোনো কোনো জায়গায় খেত থেকে পেঁয়াজ চুরি হচ্ছে। এ বিষয়ে আসলে তাঁদের তেমন কিছু করার নেই। তবে বিষয়টি স¤পর্কে শিগগিরই সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও থানায় জানানো হবে। থানা-পুলিশ ও গ্রাম পুলিশের প্রচেষ্টায় এ ক্ষেত্রে ফল পাওয়া যেতে পারে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
