ভাঙ্গুড়া প্রতিনিধি : প্রশাসনের নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টারের কার্যক্রম চলছে ভাঙ্গুড়ায়। সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষার জন্য গত মঙ্গলবার থেকে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা থাকলেও মানছে না কোচিং সেন্টারের মালিকরা। ভাঙ্গুড়া বাজারে অবস্থিত সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ ও জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি এবং শরৎনগর বাজারে শরৎনগর ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জানা যায়, ভাঙ্গুড়া পৌর শহরের ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজারে অন্তত ৮টি কোচিং সেন্টার রয়েছে। একাধিক কোচিং সেন্টারের মালিক এমপি ভুক্ত কলেজের শিক্ষক। এসব কোচিং সেন্টারে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ২ হাজার শিক্ষার্থী কোচিং করে। গত মঙ্গলবারে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখা সম্পর্কিত জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি প্রচার করা হয়। তবে এসব নির্দেশনা অমান্য করেই প্রায় বেশিরভাগ কোচিং সেন্টারে তাদের কার্যক্রম চালু রেখেছে। অথচ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গুড়া বাজারে অবস্থিত প্রিজম ক্যাডেট স্কুল এন্ড কলেজ, শরৎনগর বাজারের বিজ্ঞান স্কুল এন্ড কলেজ, পাবলিক স্কুল এন্ড কলেজ, বাসের মেমোরিয়াল একাডেমী ও জগাতলা বাজারে বিদ্যা নিকেতন কোচিং সেন্টার এসএসসি পরীক্ষা চলাকালীন সময়েও খোলা রেখে পাঠদান কার্যক্রম চালাচ্ছে। তবে শহরের এস আর পাড়ার ব্রাইট স্টার কোচিং সেন্টার পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বন্ধ করে। প্রিজম কোচিং সেন্টারের পরিচালক রাসেল আহমেদ বলেন, শিক্ষার্থীরা বেতন দিয়ে পড়ে। খোলা না রাখলে বেতন দিতে চাইবে না। তাহলে শিক্ষকদের বেতন দেয়া যাবে না। অনেক ঝামেলা হবে। তাই ক্লাস চালাচ্ছি। পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মানিক কুমার বলেন, প্রতিষ্ঠান বন্ধ করতে হবে প্রশাসনের এমন কোন চিঠি এখনো পাইনি। পেলে অন্তত এক সপ্তাহ কার্যক্রম বন্ধ রাখব। বিজ্ঞান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহানারা খাতুন বলেন, পিকনিকের আয়োজন করায় প্রতিষ্ঠান খোলা রেখেছি। শিক্ষার্থীরা পিকনিকের জন্যই এসেছে। এ সময় শিক্ষকদের ক্লাস নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। বাসের মেমোরিয়াল একাডেমীর পরিচালক মোকলেসুর রহমান বলেন, বন্ধের নির্দেশনার বিষয়টি জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, প্রশাসনের নির্দেশ না মানলে কোচিং সেন্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
