এফএনএস বিদেশ : ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি হাইওয়ে টানেল ধসে প্রায় ৪০ শ্রমিক ভেতরে আটকা পড়ার নবম দিনে প্রথমবারের মতো তাদের একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। গত সোমবার টানেলের ভেতরে ধসে পড়া আবর্জনা খুঁড়ে নতুন একটি পাইপ ভেতরে পাঠানো হয়, পরে ওই পাইপের মধ্য দিয়ে একটি মেডিকেল এন্ডোস্কোপিক ক্যামেরা পাঠিয়ে ভিডিওটি ধারণ করা হয়। এই পাইপের মধ্যে দিয়েই এই কয়েকদিনের মধ্যে প্রথম গরম খাবার পাঠাতে সক্ষম হন উদ্ধার প্রচেষ্টায় নিয়োজিতরা। এর আগ পর্যন্ত তারা আগে স্থাপন করা সংকীর্ণ একটি পাইপ দিয়ে পাঠানো জলখাবার খেয়েই দিন কাটিয়েছেন, জানিয়েছে বিবিসি। গত রোববার ভোর সকালে ভূমিধসের এক ঘটনার পর রাজ্যটির উত্তরকাশী জেলায় ব্রহ্মখাল-যমুনাত্রী জাতীয় মহাসড়কের নির্মাণাধীন টানেলটির একটি অংশ ধসে পড়ে। সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ টানেলটির প্রবেশ পথ থেকে প্রায় ২০০ মিটার ভেতরে এই ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। ঘটনার অল্প সময় পরই আটকা পড়াদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। আর তারপর থেকে পাইপযোগে তাদের অক্সিজেন, খাবার, পানি ও আলো সরবরাহ করা হচ্ছে। গত সোমবার সন্ধ্যায় উদ্ধার প্রচেষ্টায় নিয়োজিতরা ছয় ইঞ্চি ব্যাসের একটি পাইপ আবর্জনার মধ্য দিয়ে ভেতরে পাঠাতে সক্ষম হন। তখন কর্মকর্তারা নমনীয় একটি ক্যাবলের সঙ্গে সংযুক্ত ছোট একটি ক্যামেরা ভেতরে পাঠান। এই ক্যামেরা দিয়েই আটকা পড়াদের ভিডিও করা হয়। গণমাধ্যমে আসা ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, টানেলের বাইরে উদ্ধারকর্মীরা একটি কম্পিউটার স্কিনে তাদের নেওয়া ফুটেজ দেখছেন। বাইরে থাকা এক কর্মকর্তা ভেতরে আটকা পড়াদের ক্যামেরার সামনে এসে হাত নাড়তে ও হাসতে বলেন, শ্রমিকদেরও তাতে সাড়া দিতে দেখা যায়। তিনি তাদের জানান, তাদের শিগগিরই উদ্ধার করা হবে এবং ক্যামেরার সামনে এসে নিজেদের পরিচয় দিতে বলেন। ভিডিও দেখে ধারণা পাওয়া গেছে, আটকা পড়াদের সঙ্গে বাইরের কর্মকর্তারা ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করছেন। ভিডিওতে ভেতরে একজনের হাতে ওয়াকিটকি দেখা গেছে। তাদের অনেকেরই পরনে সুরক্ষা জ্যাকেট ও হেলমেট ছিল, তারা ক্যামেরার সামনে অর্ধবৃত্তাকারে দাঁড়িয়েছিলেন। এরপর বাইরে থাকা কর্মকর্তা ভেতরের লোকদের জানান, পাইপটি পরিষ্কার করা হবে তারপর তাদের কাছে পানি পাঠানো হবে। পাইপ পরিষ্কার করার সময় তাদের দূরে থাকতে বলা হয়। এরপর ভিডিওটি শেষ হয়। এই শ্রমিকরা ধসে পড়া ৬০ মিটার দীর্ঘ আবর্জনার অপর পাশে আটকা পড়ে আছেন। তাদের কাছে প্রশস্ত একটি পাইপ পাঠানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা, যেন এই পাইপের ভেতর দিয়ে শ্রমিকরা বুকে হেঁটে বাইরে বের হয়ে আসতে পারেন। অবশ্য পাহাড়ের ওপর থেকে খাড়া একটি ছিদ্র করে শ্রমিকদের বের করে নিয়ে আসা যায় কিনা, তার সম্ভাব্যতাও পরীক্ষা করে দেখছেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
