এফএনএস বিদেশ: অনলাইনে যুক্তরাজ্যের ২০ হাজারেরও বেশি মানুষ চীনা গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান কেন ম্যাককালাম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো প্রকাশ্যে অনুষ্ঠিত পাঁচটি মিত্র দেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের অংশগ্রহণে ‘ফাইভ আইজ’ জোটের বৈঠকে এ সতর্কতা উচ্চারণ করেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে গঠিত ফাইভ আইজ জোট। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির কেন্দ্রস্থলে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে এবং পরে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে একান্ত বৈঠকে জোটের দেশগুলোর গোয়েন্দাপ্রধানরা সতর্ক করে বলেন, আধুনিক ও সৃজনশীল গবেষণা চুরি হচ্ছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ অতীতে সাধারণত বিদেশি গুপ্তচরদের থেকে সরকারি গোপনীয়তা রক্ষায় কাজ করত। তবে এখনকার আশঙ্কা হলো, ছোট ছোট প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও গবেষকদের উদ্ভাবনও প্রায়ই চুরি হচ্ছে। তাঁরা আগে কখনোই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন না। এমআই৫-এর প্রধান ম্যাককালাম বলেন, ‘যদি আপনি আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করেন, তাহলে ভূ-রাজনীতিও আপনার প্রতি আগ্রহী। যদি আপনার ভূ-রাজনৈতিক বিষয়ে আগ্রহ না থাকে তবু।’ এমআই৫ প্রধান জানান, তাঁর প্রতিষ্ঠান সম্ভাব্য ঝুঁকিতে থাকা যুক্তরাজ্যের হাজারো ব্যাবসায়িক প্রতিষ্ঠানকে সতর্ক করার চেষ্টা করছে। ম্যাককালাম বলেন, স্পর্শকাতর তথ্য পেতে চীনের সন্দেহভাজন গুপ্তচররা লিংকডইনের মতো পেশাজীবীদের ব্যবহৃত মাধ্যম ব্যবহার করে যুক্তরাজ্যের ২০ হাজারেরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করছে। সংখ্যাটি আগের যেকোনো সময়ের চেয়ে দ্বিগুণ। তাঁর বক্তব্য অনুযায়ী গত বছর এমআই৫ এমন ২০টিরও বেশি ঘটনা প্রত্যক্ষ করেছে, যেখানে চীনা প্রতিষ্ঠানগুলো যুক্তরাজ্যের স্পর্শকাতর প্রযুক্তিতে প্রবেশাধিকার পাওয়ার কথা বিবেচনা কিংবা সক্রিয়ভাবে চেষ্টা করেছে। এমআই৫-এর ধারণা, চীনের একটি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের শীর্ষ একটি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার তথ্য চুরির চেষ্টা করেছে। সেই সঙ্গে আধুনিক গবেষণা সংক্রান্ত তথ্য পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্যের আরো দুটি শীর্ষ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলোকে পাশ কাটানো ও দুর্বল করার চেষ্টা করেছে বলেও ধারণা করা হচ্ছে। ফাইভ আইজ জোটের সব সদস্যই চীনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্রিস ওয়ে সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি এবং অন্যের কাজ ও ধারণা চুরি করাকে চীন তার জাতীয় কৌশলের বিষয়বস্তু করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই হুমকি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। তবে চীন বরাবরই গুপ্তচরবৃত্তি ও অন্যায় কিছু করার অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র : বিবিসি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
