এফএনএস বিদেশ: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েল সফরে গিয়ে দেশটির পাশে থাকার অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছানোর পর সুনাক দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ওই অঞ্চলের অন্য কয়েকটি দেশেও যাবেন বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বিবিসি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়ে একে ‘ভয়ঙ্কর সন্ত্রাসী কাজ’ বলে বর্ণনা করেছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠকে দেশটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সুনাক। পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহল গাজার বাসিন্দাদের মানবিক ত্রাণ সরবরাহ করার গুরুত্বও তুলে ধরেন বলে রয়টার্স জানিয়েছে। বৈঠকের টেলিভিশনে সম্প্রচারিত একটি অংশে সুনাক বলেন, “আমরা আপনাদের জনগণ ও আপনাদের আত্মরক্ষার অধিকারের প্রতি সংহতি জানিয়ে আপনাদের দেশে ও জনগণের মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনতে, ধরে নিয়ে যাওয়া জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা নিশ্চিত করতে আপনাদের পাশে দাঁড়াবো।” গাজাবাসীদের জন্য ত্রাণ সরবারাহ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। “হামাস যা করেছে তার বলি হচ্ছে ফিলিস্তিনিরা। সেখানে আমাদের মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখা দরকার,” বলেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী যাওয়ার একদিন আগে ইসরায়েলের প্রতি সংহতি জানাতে বুধবার দেশটি সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ৭ অক্টোবর ভোরে গাজা শাসনকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা আকস্মিক এক হামলায় ইসরায়েলকে হতবিহ্বল করে দেয়। তাদের এই নজিরবিহীন হামলায় ইসরায়েলের অন্তত ১৪০০ জন নিহত হন। হামাসের যোদ্ধারা প্রায় ২০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়। এরপর থেকে গাজায় ভয়াবহ বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েল। তারা হামাসকে নির্মূল করার প্রত্যয় জানিয়েছে। গাজায় নিহতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
