এফএনএস বিনোদন: প্রথমবারের মতো বড় পর্দায় আসতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। মুক্তির আগেই ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ হয়েছে। টিজারজুড়ে রয়েছে রহস্যের গন্ধ। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, নির্জন বাড়িতে ঢেকে রাখা সুড়ঙ্গে নেমে পড়েন নিশো। এরপর এগিয়ে যান সুড়ঙ্গের অপর প্রান্তে! পুরো টিজারে ছিল না কোনো সংলাপ। ব্যাকগ্রাউন্ড মিউজিকে রোমাঞ্চের পারদ যখন চরমে, তখনই শেষ দিকে স্ক্রিনে লেখা ওঠে: ‘প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে ঈদুল আজহায়।’ টিজারটি প্রকাশের পর থেকেই এ নিয়ে আলোচনায় টেবিল গরম হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছবিটি নিয়ে কথা বলছেন।তবে ছোট্ট এই ঝলক দেখে অনেকেই ছবিটির গল্প আঁচ করছেন। ২০১৪ সালের একটি চুরির ঘটনার সঙ্গে এই ছবির মিল পাচ্ছেন কিছু দর্শক। ওই বছর কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখা থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করে সোহেল নামের একজন। দুই বছর ধরে সুড়ঙ্গ করলেও চুরির মাত্র দুদিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে সে। এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমার টিজারে দেখা যায়, শার্ট-লুঙ্গি পরা আফরান নিশো একটি সুড়ঙ্গের ভেতরে ঢুকছেন। তার চোখে-মুখে রহস্যের ছাপ। এ কারণেই বাস্তব ঘটনাটির সঙ্গে ছবিটিকে মেলাচ্ছেন অনেকে।এ সিনেমার শুটিং হয়েছে সুনামগঞ্জ ও চট্টগ্রামের দুর্গম এলাকায়। ফলে পুরো টিমকে প্রচুর শ্রম দিতে হয়েছে। সেসব অভিজ্ঞতার সারসংক্ষেপ রায়হান রাফী এভাবে জানান, “এটা আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি। আরও অনেক আগে, ‘পরাণ’-এর আগেই ছবিটা বানাতে চেয়েছিলাম। কিন্তু বাজেট, আয়োজন নানাবিধ কারণে সম্ভব হয়নি। অবশেষে কাজটি করলাম। পুরো ইউনিট অসামান্য পরিশ্রম করেছে। আসলে যখন কোনো কাজে সংশ্লিষ্ট সবাই সৎ থেকে কাজ করে, তখন সেটি মানুষের মন জয় করেই। আমাদের সবার পরিশ্রমের পর যে কাজটা দাঁড়িয়েছে, তাতে আমি সন্তুষ্ট।” চলতি বছরের ২৮ মার্চ সুড়ঙ্গ ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়। এরপর মার্চের প্রথম সপ্তাহেই শুটিং শুরু করেন নির্মাতা রায়হান রাফী। চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে নিশোর বিপরীতে জুটি বেঁধেছেন তমা মির্জা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
