স্টাফ রিপোর্টার : “সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার (২৬ এপ্রিল) যথাযথ গুরুত্বের সাথে পাবনায় পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিত্ব মূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় র্যালি পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, বিআরটিএ’র পরিচালক আব্দুল হালিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে শব্দ দূষণ সচেতনতার ওপর গুরুত্বপূর্ণ তথ্যচিত্র প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারি পরিচালক নাজমুল হোসেন। জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন তার বক্তব্যে বলেন, পরিবেশ দূষণের অন্যতম অনুষঙ্গ শব্দ দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। শব্দ দূষণ মারাত্মক পরিবেশ দূষণ ঘটাচ্ছে। তিনি উল্লেখ করেন, পাবনার এক সময়ের ঐতিহ্যবাহী ইছামতি নদী দখল দূষণমুক্ত করে খনন করতে পারলে পাবনা পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন বলেন, এবারে চৈত্রের শেষে এবং বৈশাখের প্রথম দিকে যে দাবদাহের কবলে পড়েছে দেশ, অসহনীয় তাপমাত্রায় মানুষের জীবন যেভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিল এ থেকে বাঁচতে তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন। যারা শব্দ দূষণ করে, যারা শব্দ দূষণের সাথে জড়িত, তাদের সবাইকে নিয়ে পরবর্তীতে একটি সেমিনার করার জন্য পরিবেশ অধিদপ্তর পাবনার কর্মকর্তাদের তিনি নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন, শিল্প কারখানা বা উচ্চ শব্দের মধ্যে যারা কাজ করে ১০ বছরের মধ্যেই তাদের শ্রবণশক্তি অর্ধেক হয়ে যায়। তিনি বলেন, উচ্চ শব্দ শিশুদের সবচেয়ে বেশি ক্ষতি করে। এক্ষেত্রে তিনি তার বাড়ির কাজের একটি শিশুর উদাহরণ তুলে ধরেন। এছাড়া ট্রাফিকদেরও উচ্চ শব্দে শ্রবণশক্তি কমে যায় বলে তিনি অবহিত করেন। তিনি সম্মিলিত চেষ্টায় শহরে-গ্রামে সর্বত্র উচ্চ শব্দ নিয়ন্ত্রণ করতে হবে বলে মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান বলেন, শব্দ দূষণ একটি নীরব ঘাতক। দেশের ৩০টি কঠিন রোগের প্রধান কারণ ১২ রকমের পরিবেশ দূষণ; শব্দ দূষণ যার মধ্যে অন্যতম। তিনি বলেন, বর্তমানে ইঞ্জিনচালিত রিক্সা তাদের একধরণের ভেঁপু বাজানো হর্ন দিয়ে মারাত্মক শব্দ দূষণ করে যাচ্ছে। রাস্তায় চলাচলের সময় হঠাৎ সামনে-পেছন থেকে বাজে শব্দের হর্ন বাজিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। আবার অনেক রিক্সায় চলতি অবস্থায় সারাক্ষণ বিরক্তিকর ক্যাঁ ক্যাঁ বা ঘড়-ঘড় শব্দ হতেই থাকে। যার কারণে রিক্সায় বসে থাকা বড়ই যন্ত্রণাদায়ক। এটা হয় সাধারণত প্লাস্টিকের পরিবর্তে লোহার পিনিয়াম লাগানোর জন্য। শব্দ দূষণ রোধ করতে একদিকে যেমন নাগরিকদের সচেতন হতে হবে, অন্যদিকে আইনের পরিপূর্ণ বাস্তবায়নও করতে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ্ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বিসিক-এর ডিজিএম রফিকুল ইসলাম,পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক মোশারফ হোসেন, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা তথ্য অফিসার সামিউল ইসলাম, জনশক্তি ও প্রবাসী কল্যাণের পাবনা জেলা সহকারি পরিচালক আখলাকউজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কমকর্তা রেজাউল করিমসহ জেলার বিভিন্ন অফিস প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সহকারি কমিশনার লুৎফুন নাহার শারমিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
