এফএনএস স্পোর্টস: আন্তর্জাতিক ফুটবল থেকে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনকে (এফএফএসএল) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শ্রীলঙ্কার জাতীয় দল ও কোনো ক্লাব আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ বছরের জুনে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ। নিষেধাজ্ঞা পাওয়া শ্রীলঙ্কাকে ছাড়াই সাফ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। এবার দক্ষিণ এশিয়ার সাতটি দেশেরই এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু গত রোববার ফিফা থেকে নিষিদ্ধ হওয়ায় শ্রীলঙ্কার অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘শ্রীলঙ্কা এখন নিষিদ্ধ, তাদের বাইরে রেখেই আমাদের পরিকল্পনা সাজাতে হবে। আপাতত ৬ দেশ নিয়েই সাফ আয়োজনের পরিকল্পনা করছি আমরা। সাফ শুরুর আগে যদি নিষেধাজ্ঞা উঠে যায়, ওই অবস্থায় শ্রীলঙ্কা খেলতে সম্মত হলে তাদের খেলার সুযোগ থাকবে। কিন্তু সাফ শুরুর ১৫ দিন আগে নিষেধাজ্ঞা উঠলে তো শ্রীলঙ্কা খেলার মতো অবস্থায় থাকবে না। তাই আপাতত আমরা দেশটিকে বাদ দিয়েই সাফ আয়োজনের দিকে এগিয়ে যাব।’ এফএফএসএলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এমন নিষেধাজ্ঞা পেয়েছে শ্রীলঙ্কা। মূলত গত ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে গত বছরের ১৫ আগস্ট ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা। অভিযোগের ব্যাপারে সঠিক ব্যবস্থা নেওয়ায় অবশ্য একই মাসের শেষদিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। একই কারণে ২০২১ সালে পাকিস্তানকেও নিষিদ্ধ করেছিল ফিফা। পরের বছর ইতিবাচক পরিবর্তন আনায় সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফুটবলের অভিভাবক সংস্থা
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
