এফএনএস স্পোর্টস: মৌসুম শুরুর অধারাবাহিকতা পেছনে ফেলে আগেই ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মিলান। সেই যাত্রায় এবার নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে কাক্সিক্ষত ইটালিয়ান সুপার কাপও জিতে নিয়েছে ইন্টার। দারুণ এই জয়ের পর দলটির কোচ সিমোনে ইনজাগি বললেন, মৌসুমে তাদের দ্বিতীয় লক্ষ্য পূরণ হয়েছে। সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে বুধবার রাতে এক ম্যাচের এই শিরোপা লড়াইয়ে মিলানকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে ইন্টার। ইতালিয়ান ডিফেন্ডার ফেদেরিকো দিমারকো দশম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বসনিয়ার ফরোয়ার্ড এদিন জেকো। আর ৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার লাইতারো মার্তিনেস। দীর্ঘ এক দশকের বেশি সময় পর ২০২০-২১ মৌসুমে সেরি আ জয়ী ইন্টার গত মৌসুমে লিগে হয় রানার্সআপ। তবে ইটালিয়ান কাপ জিতে শিরোপা হাসিতেই মৌসুম শেষ করে তারা। তবে এই মৌসুমের শুরুতে বারবার হোঁচট খেতে থাকে তারা। লিগের শিরোপা লড়াইয়েও অনেকটা পিছিয়ে পড়েছে দলটি। তাই হয়তো ইনজাগি আপাতত অবাস্তবিক কোনো আশা করছেন না। সুপার কাপ জয়ের পর বললেন তেমনটাই। তবে দলের পারফরম্যান্সে দারুণ খুশি তিনি। “ছেলেরা সঠিক অ্যাপ্রোচ দেখিয়েছে। আমরা পুরো ম্যাচে লক্ষ্যে স্থির ছিলাম এবং দৃঢ় পারফরম্যান্স দেখিয়েছি। এই মৌসুমে আমাদের প্রথম লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠা এবং দ্বিতীয়টা হলো এই ট্রফি জেতা। দুটি লক্ষ্যই পূরণ হয়েছে, এটা একজন কোচের জন্য দারুণ তৃপ্তির।” “ম্যাচে আমরা মনোযোগী, আক্রমণাত্মক, দৃঢ় ছিলাম, ফাইনালে জিততে যা যা দরকার সব করেছি আমরা।” এবারের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সঙ্গে ‘মৃত্যুকূপে’ পড়েছিল ইন্টার। তবে লক্ষ্যে স্থির থেকে বার্সেলোনাকে বিদায় করে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে তারা। আগামী মাসে শেষ ষোলোয় পর্তুগালের ক্লাব পোর্তোর মুখোমুখি হবে ইন্টার। আর সেরি আয় ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে দলটি। তাদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে নাপোলি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
