এফএনএস বিদেশ : ভারতের উত্তরাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে গেছে, আবার কোথাও হিমাঙ্কের কাছাকাছি। হাড় হিম করা ঠান্ডায় যখন লড়াই করছে উত্তর ভারতের রাজ্যগুলো, তার সঙ্গে ঘন কুয়াশার দাপট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। ট্রেন, বাস, বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। দেশটির রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অন্যদিকে, রাজস্থানের বহু জায়গায় শূন্যে নেমে গেছে তাপমাত্রা। মাউন্ট আবুতে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের ৬ ডিগ্রি নীচে। মৌসম ভবন জানিয়েছে, শৈত্যপ্রবাহ পরিস্থিতি ১১ জানুয়ারি পর্যন্ত বজায় থাকবে। দিল্লিতে গত কয়েক দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রির আশপাশে রয়েছে। দিল্লিতে গত শুক্রবার তাপমাত্রা নেমে গিয়েছিল ১.৮ ডিগ্রি সেলসিয়াসে। গতকার শনিবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হেরফের হয়ে ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ পালমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। সেটা শুক্রবারের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে সফদরজং-এর তাপমাত্রা ২ ডিগ্রিতে নেমে গেছে। দিল্লি রিজ এবং লোধি রোডে গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১.৫ এবং ২ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কামড় তো আছেই, তার সঙ্গে পাল্লা দিয়েছে ঘন কুয়াশাও। এর কারণে কোথাও দৃশ্যমানতা এতটাই কমে গেছে যে, যানবাহন চলাচল ভীষণভাবে বিপর্যস্ত হয়েছে। পালমে গতকাল শনিবার দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে। ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা নেমে গিয়েছিল ২৫ মিটারে। ফলে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। ৩৪টি অভ্যন্তরীণ (ডোমেস্টিক) ফ্লাইট দেরিতে ছেড়েছে। আবার ১২টি বিমান দেরিতে অবতরণ করেছে বিমানবন্দরে। কুয়াশার কারণে উত্তর রেলের ৩২টি ট্রেন দেরিতে চলছে। হাড়কাঁপানো ঠান্ডা আর কুয়াশা তো আছেই, তার সঙ্গে দিল্লির বাতাসের মানও ভয়ানক অবস্থায় পৌঁছেছে। বাতাসের গুণগত মান ঠিক করার জন্য এবং দূষণ কমাতে দুদিন আগেই বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পরিবেশবিদদের আশঙ্কা, বাতাসে যেভাবে দূষিত কণার পরিমাণ বাড়ছে, তাতে আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। দিল্লি ছাড়াও শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলছে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবেও। আগামী বুধবার পর্যন্ত এই রাজ্যগুলোতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। রাজস্থানের বিকানেরের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। চুরুতে ১ ডিগ্রি সেন্টিগ্রেড। মধ্যপ্রদেশের নওগাং এবং ছতরপুর জেলায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, জম্মু-কাশ্মীরেও তাপমাত্রা হিমাঙ্কের অনেকটাই নীচে নেমে গেছে। গত শুক্রবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২ ডিগ্রি নীচে। সূত্র: আনন্দবাজার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
