এফএনএস স্পোর্টস: আগামী মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষনা করেছে ভারত। টি-টোয়েন্টি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাটার সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি সিরিজের দলে নেই বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ওয়ানডে সিরিজে দলের দায়িত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন তিনি। শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরলেন রোহিত। এই ফরম্যাটে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হার্দিক। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ওপেনার শিখর ধাওয়ান। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্থ ও পেসার ভুবেনশ^র কুমারের। দুই ফরম্যাটের দল ঘোষনা করলেও কোন খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে, কাকে বাদ দেয়া হয়েছে বা কারা ইনজুরিতে আছে বা নেই এসব পরিস্কার করে বলেননি প্রধান নির্বাচক চেতন শর্মা। চলতি বছর ব্যাট হাতে ভালো পারফরমেন্স ছিলো না ব্যাটার ধাওয়ানের। ২২ ম্যাচে ৩৪ গড়ে ৬৮৮ রান করেছেন তিনি। সদ্যই শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৫১ স্ট্রাইক রেটে ১৮ রান করেছেন ধাওয়ান। ঘাড়ের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওয়ানডে দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। দুই ফরম্যাটে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার ভুবনেশ্বরের। টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দুই পেসার মুকেশ কুমার ও শিবম মাভি। ঘরোয়া আসরের পারফরমেন্সের বিচারে সুযোগ হয়েছে তাদের। গত জুলাইয়ের পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার উমরান মালিক। ওয়ানডে দলে ফিরেছেন টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত বোলার বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং। সর্বশেষ বাংলাদেশ সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ব্যাটার রজত পাতিদার ও স্পিন অলরাউন্ডার শাহবাজ আহমেদ। হাঁটুর ইনজুরি থেকে এখনও সুস্থ হতে পারেননি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত আগস্টে এশিয়া কাপে সর্বশেষ খেলেছিলেন তিনি। ওয়ানডে বিশ^কাপের বছরে শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়ে মৌসুম শুরু করবে ভারত। ৩ জানুয়ারি টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হচ্ছে। পরের দু’টি টি-টোয়েন্টি হবে যথাক্রমে- ৫ ও ৭ জানুয়ারি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১০, ১২ ও ১৫ জানুয়ারি। ভারতের টি-টোয়েন্টি দল : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), ঋুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদিপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিভাম মাভি ও মুকেশ কুমার। ভারত ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান হিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, আর্শদিপ সিং।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
