স্টাফ রিপোর্টার : শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-১ আসনে নৌকা প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি পাবনা-১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ ইকরামুল কবির। এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) শামসুল হক টুকুর বরাবর ইকরামুল কবিরের স্বাক্ষরিত শোকজ চিঠি দেওয়া হয়। শামসুল হক টুকুকে শোকজ করে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লেখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট নিম্ন লিখিত আভিযোগ অত্র কমিটির নিকট করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আপনি আপনার বাসভবনে ১) মো. মহিউদ্দিন, প্রধান শিক্ষক, বেড়া সরকারি হাই প্রাথমিক বিদ্যালয় ও সেক্রেটারি, বেড়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ২) মো. আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ, বেড়া সরকারি ডিগ্রী কলেজ, ৩) হারুনর রশিদ , ভারপ্রাপ্ত সচিব, বেড়া পৌরসভা, ৪) মো. আবুল হাশেম, বেড়া পৌর পুলিশ প্রধান এর উদ্যোগে স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী মিটিং করেন। মিটিং-এ নৌকা মার্কায় ভোট চান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবকগণদের নৌকায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরন বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির লঙ্ঘন। উক্ত অভিযোগ বিষয়ে আপনার কোন বক্তব্য থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীর নিকট সরাসরি আপনার প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী ২ (দুই) কার্যদিবসের মধ্যে (২১ ডিসেম্বরের মধ্যে) প্রদান করার জন্য বলা হল। অন্যথায় আপনার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশন এর নিকট তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে।” এর আগে স্থানীয় বিভিন্ন সরকারি ও বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটি এবং জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেন পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। এ বিষয়ে শামসুল হক টুকু বলেন, ‘ওইদিন শহীদ বুদ্ধিজীবি দিবস পালনে নাগরিক কমিটি আমার বাড়ি চত্বরে অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানে কারা অংশ নিয়েছিলেন আমার জানার কথা নয়। যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা বানোয়াট। আমাকে শোকজ করা হয়েছিল। তার জবাব আমি কমিটিকে দিয়েছি।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
