এফএনএস বিদেশ : ইউক্রেনের মাইন বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হয়েছেন বলে ক্রেমলিনপন্থী একাধিক সূত্র জানিয়েছে। ৪৫ বছর বয়সী মেজর জেনারেল ভøাদিমির জাভাদস্কি মৃত্যুর সময় ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে কমপক্ষে ছয়জন রুশ জেনারেল মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি সম্পর্কে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়েও পরস্পরবিরোধী প্রতিবেদন রয়েছে। ঘনিষ্ঠ আত্মীয়রা নিহতদের সম্পর্কে প্রকাশ্যে কথা বললেও মন্ত্রণালয় বেশ কয়েকটি অনুষ্ঠানে জ্যেষ্ঠ অফিসারদের মৃত্যুর কথা উল্লেখ করেনি। খবরে বলা হয়, মেজর জেনারেল জাভাদস্কি গত বুধবার বিকেলে নিহত হন। ধারণা করা হচ্ছে, তাঁর ইউনিট সেই সময় খেরসন অঞ্চলে ছিল। বর্তমান পোস্টিংয়ের আগে, তিনি মস্কোর বাইরে অবস্থিত অভিজাত কান্তেমিরভস্কি ট্যাংক বিভাগের কমান্ডার ছিলেন। জাভাদস্কির মৃত্যুর খবর নিশ্চিত হলে, তিনি হবেন সপ্তম রুশ জেনারেল, যিনি সংঘাতে মারা গেছেন। যুদ্ধের প্রথম চার মাসে চার রুশ জেনারেল এবং এই বছরের গ্রীষ্মে আরো দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অতিসম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলে বার্দিয়ানস্কে রুশ সামরিক কমান্ডারদের থাকার হোটেলে হামলায় নিহত হন। ইউক্রেনীয় সূত্রে আরো সাত রুশ জেনারেলের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে তাদের মধ্যে অন্তত তিনজন এখনো জীবিত বলে প্রমাণিত হয়েছে। সূত্র : বিবিসি
