এফএনএস স্পোর্টস: ঘরের মাঠে আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসি)। দলে নতুন মুখ ব্যাটার শেরফেন রাদারফোর্ড ও পেসার ম্যাথু ফোর্ড। দলে ফিরেছেন উইকেটরক্ষক শেন ডাওরিচ ও ওপেনার কিয়র্ন ওটলে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শাই হোপ। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আলজারি জোসেফ। ওয়ানডে দলে নতুন মুখ হলেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৩ রান করার পাশাপাশি ১ উইকেট শিকার করেছেন রাদারফোর্ড। ২০২০ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন খেলেছেন। গেল মাসেওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে অনবদ্য ১০৫ রানের নান্দনিক ইনিংস খেলেন এই বাঁ-হাতি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ একাডেমির হয়ে দারুন পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন ফোর্ড। ২০১৯ সালে ডাবলিনে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ডাওরিচ। ঐ ম্যাচটি তার ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে। ঘরোয়া আসর সুপার ৫০ কাপে ৬ ম্যাচে ৭৮ গড়ে ২৩৪ রান করার স্বীকৃতি হিসেবে আবারও দলে ফিরেছেন তিনি। ২০২১ সালে বাংলাদেশ সফরে অভিষেকের পর সিরিজে দু’টি ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েন ওটলে। সুপার৫০ কাপে তৃতীয় সর্বোচ্চ ৩১৭ রান করায় আবারও দলে সুযোগ পেয়েছেন ওটলে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ থাকায় ওয়ানডে দলে রাখা হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডার ও নিকোলাস পুরানকে। বাছাই পর্বের বাঁধা টপকাতে না পারায় সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এ বছরের জুলাইয়ে নিজেদের সর্বশেষ ওয়ানডে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ভারতের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো ক্যারিবীয়রা। আগামী ৩ ডিসেম্বর অ্যান্টিগায় ওয়ানডে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক ক্যারিয়া, কেসি কার্টি, রোস্টন চেজ, শেন ডাওরিচ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোটি, কিয়র্ন ওটলে, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও ওশানে থমাস।
