এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বড় জয়ের উচ্ছ্বাসে ভাসছে ম্যানচেস্টার সিটি। দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড অনুভব করছেন দুর্দান্ত জয়ের আনন্দ। বের্নার্দো সিলভার কাছে এটি ‘সেরা জয়ের একটি।’ ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ম্যানচেস্টার ডার্বিতে ৩-০ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে গুঁড়িয়ে দেয় সিটি। হলান্ড জোড়া গোলে বেঁধে দেন ম্যাচের সুর। পরে ব্যবধান আরও বাড়ান ফিল ফোডেন। এ নিয়ে গত আট ম্যাচে ছয়বার ইউনাইটেডকে হারাল সিটি। এর মধ্যে আছে গত এফএ কাপের ফাইনালে ২-১ গোলের জয়টিও। সিটির ট্রেবল জয়ের মিশনে যে জয়টি ছিল সিটির জন্য মহাগুরুত্বপূর্ণ। ডার্বির জোড়া গোলের পর চলতি লিগে হলান্ডের গোল হলো ১১টি। বিস্ময়কর হলেও সত্যি, চলতি লিগে ইউনাইটেডের করা গোলও ১১টি! ২৬তম মিনিটে সফল স্পট কিকে সিটিকে এগিয়ে নেন হলান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন নরওয়ের এই স্ট্রাইকার। দলের জয়ে দারুণ অবদান রেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই গোলমেশিন। “অকল্পনীয়। দুর্দান্ত একটি জয় এবং অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল, দলের পারফরম্যান্স, সবকিছু অবিশ্বাস্য ছিল।” ইউনাইটেডের ডেরা থেকে দাপুটে জয় নিয়ে ফেরায় সিটির মিডফিল্ডার সিলভার খুশি আরও বেশি। “নিশ্চিতভাবেই এটা সেরা জয়গুলোর একটি। প্রতিপক্ষের মাঠে, এই সমর্থকদের সামনে ৩-০ ব্যবধানে জয়, আমি মনে করি, নিশ্চিতভাবে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি।” দারুণ এই জয়ের পর ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে সিটি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম হটস্পার্স ও ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।
