বিশেষ প্রতিনিধি : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা জাহিদুল ইসলাম আরেফী তার পাবনার বাড়ির কেয়ারটেকার ও প্রতিবেশিরা তাকে ‘বেলাল’ নামে চেনেন। জাহিদুল ইসলাম আরেফী নামে চেনেন না তারা। ঢাকায় বিয়ে করার পর পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তার প্রতিবেশিরা। পাবনা পৌর সদরের শায়েস্তা খাঁ সড়কে তার পৈত্রিক বাড়ি রয়েছে। পরিবারের সকলে যুক্তরাষ্ট্র থাকলেও গত বছরের ঈদুল আযহা এবং গত ৩-৪ মাস আগে দুই দফা পাবনার বাড়িতে এসেছিলেন তিনি। সোমবার বিকেলে সরেজমিনে পাবনা পৌর সদরের শায়েস্তা খাঁ এলাকায় গেলে মিয়া জাহিদুল ইসলাম আরেফীর বাড়ির ভাড়াটিয়া ও কেয়ারটেকার রইচ উদ্দিনসহ আশাপাশের লোকজন এসব তথ্য জানান। এ ঘটনায় হতবাক ও বিস্মিত হয়েছেন বলেন জানান তারা। সরেজমিনে দেখা যায়, এলাকাটির তিন রাস্তার মোড়ের সামনে প্রাচিরে ঘেরা একতলা একটি পাকা বাড়িটি আরেফির। তবে অনেকদিনের পুরোনো। আশপাশের এলাকায় আবর্জনায় ভরপুর। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ির সামনের প্রবেশ পথে পানি জমে আছে। বাড়িটির অবস্থান কফিল উদ্দিন পাড়া দিয়ে ঢুকে শায়েস্তা খাঁ সড়ক দিয়ে দক্ষিন রাঘবপুর যেতে মনি কন্ট্রাকটরের বাড়ির ঠিক পাশে। অথবা মিশন হাউজের পেছন দিয়ে গেলে মুরগী ব্যবসায়ী মনজু মোল্লার বাড়ি মোল্লা হাউজ পার হয়েই এক সময়ের বিশিষ্ট গীটার শিল্পী অলিফের বাড়ির ঠিক সামনের বাড়িটি। বাড়ির ভাড়াটিয়া ও কেয়ারটেকার রইচ উদ্দিন বলেন, আমি দশবছর ধরে তার বাড়ির কেয়ার টেকার হিসেবে আছি। উনারা ৬ ভাই, ৪ বোন। তার পৈত্রিক বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তার পিতা পাবনা জেলা শিক্ষা অফিসে চাকরি করতেন। সেই সুবাদে পাবনা পৌর এলাকার শায়েস্থা খাঁ এলাকায় জমি কিনে বাড়ি করে বসবাস করতেন। ৪২ বছর আগে তারা পাবনা থেকে আমেরিকায় চলে যান। সেখানেই ১২ বছর আগে তার পিতা ও ৩ বছর আগে তার মা মারা গেছেন। রইচ জানান, ‘আমরা বেলাল নামেই তাকে চিনি। বেলাল ছাড়া তার অন্য ভাইবোন কেউ এখানে আসা-যাওয়া করে না। গত বছরের কোরবানির ঈদ এবং গত ৩-৪ মাস আগে দুই দফা পাবনার বাড়িতে এসেছিলেন তিনি। পাবনার জমি ও বাড়ি তার মায়ের সম্পত্তি, সেগুলো নিজের নামে কাগজপত্র ঠিক করে নিতে এসেছিলেন। আমাদের সাথে কথা বলেছেন, দেখা করে চলে গেছেন। ঢাকায় বিয়েও করেছেন। পাবনায় আসলে তিনি হোটেলে থাকতেন।’ প্রতিবেশি হাদুল মিয়া বলেন, ‘বহু বছর আগে থেকই তারা আমেরিকা থাকেন। আমি তাকে ঠিকমতো চিনি না। গত ৩-৪ মাস আগে আমার সাথে দেখা হয়েছিল। তার বাড়ির সীমানা নিয়ে আমার সাথে কথা হয়। আমাদের বাড়ির সামনে রাস্তা খারাপ, তখন তিনি আমাকে বলেছিলেন, তার নাকি মেয়রের সাথে কথা হয়েছে এই রাস্তা ঠিক করে দিবে। তারপর তিনি এখানে বাড়ি করবেন।’ হাদুল মিয়া আরো বলেন, ‘তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে একটা ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন। তাকে দেখে তেমন লোক মনে হয়নি। তার এমন কাজ সত্যি নিন্দনীয়। তিনি যে কেন এটা করেছেন তা বুঝতে পারছি না।’ আরেক প্রতিবেশিরা মঞ্জু হোসেন বলেন, ‘৪০ বছর আগে তাকে দেখেছিলাম। একই এলাকায় থাকতেন, বেলাল ভাই বলে ডাকতাম। এখন তাকে চিনতে পারবো কি না বলতে পারছি না। সেই ছোটবেলায় তাকে লোক হিসেবে ভালই দেখেছি। কিন্তু তিনি জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে আমারদেরকেই লজ্জায় ফেলে দিয়েছেন। স্থানীয়রা আরও জানান, পাবনায় তার তেমন আত্মীয়-স্বজন নেই। এজন্য আসার পর পাবনা শহরের আবাসিক হোটেলে ছিলেন। এখানে বাড়ি ১০ তলা করে সেখানে থাকার কথা বলতেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জিয়াউর রহমান বলেন, আমরা তার সম্পর্কে গণমাধ্যমে জেনেছি। তার আসল বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আর তার পিতা পাবনায় শিক্ষা অফিসে চাকরি করার কারনে এখানে বসবাস করতেন তারা। একইভাবে নাটোরেও ছিলেন বলে তথ্য পেয়েছি। তার সম্পর্কে জানতে আরো বিশদভাবে তদন্ত করা হচ্ছে।’ উল্লেখ্য, রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক রহস্যময় ব্যক্তিকে দেখা যায়। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। ওই ব্যক্তির সেই ভিডিও নিয়ে খবর প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
