এফএনএস বিনোদন: ইতিহাস বিকৃতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করার অভিযোগ করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শন বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “ইতিহাস বিকৃতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন করায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছি। রেজিস্ট্রি ডাকযোগে ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে। ১০ জনের মধ্যে বাংলাদেশের সাতজন আর ভারতের তিনজন।” তিনি আরও জানান, নোটিশ প্রাপ্তির পরে যদি সিনেমাটি প্রদর্শন বন্ধ না করা হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এর নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে। চলচ্চিত্রটির প্রযোজক বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চলতি বছরের ৩১ জুলাই দুই দেশের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় চলচ্চিত্রটি। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। খন্দকার মোশতাক আহমদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। এ ছাড়া রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, টিক্কা খান চরিত্রে জায়েদ খানসহ অনেকেই অভিনয় করেছেন।
